পরিযায়ী স্বর্ণশিল্পীদের ঘরে ফেরানোর আশ্বাস, ফরিদপুরের গোল্ড হাব শর্তসাপেক্ষে লিজ চাইলেন এস. এস. আলম!
সুমন মণ্ডল : ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী স্বর্ণশিল্পীদের নিজের এলাকায় ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা দাসপুরের ফরিদপুরের গোল্ড হাব দ্রুত চালুর দাবি জানিয়ে সেটি শর্তসাপেক্ষে লিজ দেওয়ার আবেদন জানালেন স্বর্ণ ব্যবসায়ী তথা শিল্পপতি এস. এস. আলম।বিগত সরকারের আমলে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ফরিদপুরে তৈরি করা হয়েছিল গোল্ড হাব। ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ এলাকার বহু মানুষ দীর্ঘদিন ধরে স্বর্ণশিল্পের সঙ্গে যুক্ত। ফলে এলাকায় গোল্ড হাব গড়ে ওঠার পর স্থানীয় স্বর্ণশিল্পীদের মধ্যে নতুন কর্মসংস্থানের প্রত্যাশা তৈরি হয়েছিল।বিশেষ করে ভিনরাজ্যে গিয়ে কাজ করতে বাধ্য হওয়া স্বর্ণশিল্পীদের অনেকেই আশা করেছিলেন, প্রকল্পটি চালু হলে বাড়ির কাছেই স্বর্ণশিল্পে কাজের সুযোগ তৈরি হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ফরিদপুরের গোল্ড হাব এখনও চালু না হওয়ায় সেই প্রত্যাশা পূরণ হয়নি।এদিকে রাজ্যে নতুন সরকার গঠনের পর ফের প্রকল্পটি চালু হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী দাসপুর ও ঘাটাল এলাকার স্বর্ণশিল্পীরা। তাঁদের প্রত্যাশা, গোল্ড হাব চালু হলে স্থানীয় শিল্পের পাশাপাশি কর্মসংস্থানের ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে।এই পরিস্থিতিতে সম্প্রতি ফরিদপুরে গোল্ড হাব পরিদর্শন করেন স্বর্ণ ব্যবসায়ী ও শিল্পপতি এস. এস. আলম। পরিদর্শনের পর তিনি বর্তমান সরকারের কাছে প্রকল্পটি দ্রুত চালু করার আবেদন জানান।এস. এস. আলমের প্রস্তাব, শর্তসাপেক্ষে তাঁকে ফরিদপুরের গোল্ড হাবটি লিজ দেওয়া হোক। তাঁর দাবি, দায়িত্ব পেলে গোল্ড হাবকে কার্যকরভাবে চালু করে স্থানীয় মানুষের পাশাপাশি ভিনরাজ্যে কর্মরত বহু পরিযায়ী স্বর্ণশিল্পীর জন্য নিজের এলাকাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি করা সম্ভব হবে।তাঁর মতে, প্রকল্পটি চালু হলে শুধু কর্মসংস্থানই নয়, দাসপুর ও ঘাটাল অঞ্চলের ঐতিহ্যবাহী স্বর্ণশিল্পেরও প্রসার ঘটতে পারে। এর ফলে স্বর্ণশিল্পকে কেন্দ্র করে ছোট-বড় একাধিক সহায়ক ব্যবসা এবং নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ফরিদপুরের গোল্ড হাব ঘিরে ফের নতুন করে আশার আলো দেখছেন এলাকার স্বর্ণশিল্পী ও ব্যবসায়ীরা। এখন সরকারের পক্ষ থেকে প্রকল্পটি চালু করা এবং লিজ সংক্রান্ত প্রস্তাব নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।