যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে মহামিছিল!

যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে মহামিছিল!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত রাখা এবং স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের জেরে চাকরি হারানো যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে শুক্রবার, ৭ আগস্ট মহামিছিলের আয়োজন করা হয়। আন্দোলনকারীদের দাবি, আদালতের নির্দেশের পর বহু যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এর ফলে একদিকে যেমন বহু পরিবারের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে, অন্যদিকে রাজ্যের শিক্ষা ব্যবস্থার ওপরও তার বিরূপ প্রভাব পড়ছে। তাই যোগ্য প্রার্থীদের ন্যায্য চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

মিছিলে উপস্থিত বক্তারা দাবি করেন, যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা এবং শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।সভায় বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণগোপাল চক্রবর্তী আন্দোলনকারীদের উদ্দেশে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "লড়াই করো, যতদিন না বিজয়ী হও। একবার হারলে বারবার লড়ো। ভয় নয়, আত্মবিশ্বাস নিয়েই এগিয়ে চলতে হবে। সংশয় দূর করে ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ থাকতে হবে।"মহামিছিলে বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষাকর্মী এবং আন্দোলনের সমর্থকেরা অংশ নেন। আন্দোলনকারীরা জানান, যোগ্য চাকরিপ্রার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।