যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের মহামিছিল, পুলিশি হস্তক্ষেপ নিয়ে বিতর্ক!
নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা সুরক্ষিত রাখা এবং স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিলের পর চাকরি হারানো যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের পুনর্বহালের দাবিতে শুক্রবার (৭ আগস্ট) কলকাতায় একটি মহামিছিল ও অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান কর্মসূচি চলাকালীন পুলিশ তাঁদের সরিয়ে নিয়ে যায় এবং কয়েকজনকে লালবাজারে নিয়ে যাওয়া হয়। তাঁদের দাবি, এই পদক্ষেপ গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করা উচিত ছিল।

প্রসঙ্গত, আদালতের নির্দেশের জেরে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল হওয়ার পর বহু শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, তাঁদের মধ্যে অনেকেই যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও কর্মহীন হয়ে পড়েছেন। এর ফলে অসংখ্য পরিবারের জীবিকা সংকটের মুখে পড়েছে এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থাও প্রভাবিত হচ্ছে।মহামিছিলে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষাকর্মীরা যোগ্য প্রার্থীদের পুনর্বহাল, মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টির সমাধান এবং দ্রুত প্রশাসনিক উদ্যোগের দাবি জানান। তাঁদের বক্তব্য, যোগ্য প্রার্থীদের স্বার্থ রক্ষা ও রাজ্যের শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।অন্যদিকে, এই ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।