নিজস্ব সংবাদদাতা : রেলযাত্রায় শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ সম্প্রতি শিয়ালদহ–সোনারপুর–ক্যানিং শাখায় একটি বিশেষ টিকিট চেকিং অভিযান চালায়। ব্যস্ত এই রুটে পরিচালিত অভিযানে ব্যাপক সাড়া মেলে এবং বহু নিয়মভঙ্গকারীকে চিহ্নিত করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পূর্ব রেলের প্রিন্সিপাল চিফ কমার্শিয়াল ম্যানেজার ডঃ উদয় শঙ্কর ঝা।

তাঁর সঙ্গে ছিলেন শিয়ালদহ বিভাগের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার সুনীল মহালা এবং বাণিজ্যিক বিভাগের একাধিক আধিকারিক।রেল সূত্রে জানা গিয়েছে, অভিযানের সময় মোট ৬১৮টি নিয়মভঙ্গের মামলা নথিভুক্ত করা হয়েছে। এর ফলে জরিমানা বাবদ মোট ১ লক্ষ ৪৭ হাজার ৬৮৫ টাকা আদায় হয়েছে।

ধরা পড়া মামলাগুলির মধ্যে টিকিট ছাড়া ভ্রমণের অভিযোগে ৪৪৯টি, বুকিং ছাড়া লাগেজ বহনের অভিযোগে ১২৮টি এবং থুতু ফেলা ও ময়লা ছড়ানোর অভিযোগে ৪১টি মামলা রয়েছে।রেল কর্তৃপক্ষের দাবি, এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে। যাত্রীদের নিয়ম মেনে ভ্রমণ এবং রেল সম্পত্তি পরিচ্ছন্ন রাখার বিষয়ে আরও সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।