Skip to content

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে এমআরসিসিতে পালিত আন্তর্জাতিক নারী দিবস, মায়েদের সম্মান জানিয়ে অনন্য উদ্যোগ

নিজস্ব সংবাদদাতা:  আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আন্তরিক ও মানবিক পরিবেশে দিনটি উদযাপন করল অখণ্ড মেদিনীপুর জেলার প্রাচীনতম বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রতিষ্ঠান মেদিনীপুর রিহ্যাবিলিটেশন সেন্টার ফর চিলড্রেন (এমআরসিসি)। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের অভিভাবিকাদের নিয়ে আয়োজিত হয় একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীদের মায়েদের এবং প্রতিষ্ঠানের শিক্ষিকাদের লাল গোলাপ দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই অভিনব উদ্যোগে আবেগঘন পরিবেশ তৈরি হয় এবং উপস্থিত সকলেই নারী শক্তির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। নারী দিবসের গুরুত্ব ও সামাজিক তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্পাদক নন্দদুলাল ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ অনাদি জানা এবং সহ-সম্পাদক অমিত কুমার সাহু। বক্তারা নারীর মর্যাদা, সমাজে তাঁদের অবদান এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন-পালনে মায়েদের অসামান্য ভূমিকার কথা তুলে ধরেন।

এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। রঙিন কাগজে নিজেদের কল্পনার জগৎ ফুটিয়ে তোলে ছোট ছোট শিক্ষার্থীরা, যা উপস্থিত সকলের মন জয় করে নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সঞ্জয় কুন্ডু, সঞ্জয় মাইতি, গৌতম দে, শিবপ্রসাদ মিশ্র, কাকলি রায়, দীপাঙ্কুশ ঘোষ, অরূপ ঘোড়া, সবিতা সামন্ত হাজরা সহ আরও অনেকে। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সঞ্চালনা করেন কোর্স কো-অর্ডিনেটর সনাতন হাজরা। নারী দিবসকে কেন্দ্র করে এই উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি তাঁদের পরিবার ও সমাজের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মত প্রকাশ করেন উপস্থিত সকলেই।

Latest