নিজস্ব সংবাদদাতা : নেদারল্যান্ডসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ২-২ গোলে ড্র করার পরও মাঠ ছেড়ে তাড়াহুড়ো করে বেরিয়ে যাননি জাপানের সমর্থকরা। বরং নিজেদের বহু বছরের ঐতিহ্য বজায় রেখে ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছেন তারা।টেক্সাসের আর্লিংটনে অবস্থিত এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এফ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে শেষ মুহূর্তে দাইচি কামাদার সমতাসূচক গোলে নাটকীয় ড্র করে জাপান। ম্যাচ শেষে উচ্ছ্বাসে মাতলেও দায়িত্ববোধ ভুলে যাননি সমর্থকেরা।

নীল রঙের প্লাস্টিক ব্যাগ হাতে নিয়ে জাপানি দর্শকরা গ্যালারিতে পড়ে থাকা প্লাস্টিক বোতল, খাবারের মোড়কসহ বিভিন্ন আবর্জনা সংগ্রহ করেন। কিছুক্ষণের মধ্যেই স্টেডিয়ামের দর্শকাসনকে আগের চেয়েও পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে দেন তারা।বিশ্বকাপের মঞ্চে জাপানি সমর্থকদের এই পরিচ্ছন্নতার সংস্কৃতি নতুন নয়। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের সময় প্রথমবার বিশ্বজুড়ে এই অভ্যাস ব্যাপকভাবে আলোচনায় আসে।

তারপর থেকে প্রায় প্রতিটি বড় আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টেই ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করতে দেখা গেছে জাপানি সমর্থকদের।বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস জাপানি সংস্কৃতি ও শিক্ষারই প্রতিফলন। ছোটবেলা থেকেই শিশুদের শেখানো হয়, কোনো জায়গা ব্যবহার করার পর সেটিকে আরও পরিষ্কার ও পরিপাটি অবস্থায় রেখে যেতে হবে।

সেই সামাজিক মূল্যবোধই আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনেও সমানভাবে মেনে চলেন জাপানের নাগরিকরা।ফুটবলের ফলাফলের বাইরেও তাই আবারও শিরোনামে উঠে এল জাপান। মাঠের লড়াইয়ে যেমন তারা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানেনি, তেমনই মাঠের বাইরেও শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং সামাজিক সচেতনতার এক অনন্য উদাহরণ স্থাপন করলেন জাপানি সমর্থকেরা।