নিজস্ব সংবাদদাতা : রবীন্দ্র জয়ন্তীতে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তখন সেই আবহে আলাদা করে নজর কাড়ল এক সাধারণ বাঙালি খাবার— ঝালমুড়ি। প্রচারের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝালমুড়ি খাওয়া নিয়েই তৈরি হয়েছিল রাজনৈতিক চর্চা। আর এবার শপথগ্রহণের দিন ব্রিগেডে কার্যত ‘হটকেক’ হয়ে উঠল সেই ঝালমুড়িই। ব্রিগেডের প্রবেশপথ থেকে শুরু করে সভাস্থলের বিভিন্ন প্রান্তে দেখা গেল ঝালমুড়ির স্টলে উপচে পড়া ভিড়। হাতে হাতে কাগজের ঠোঙা, মুখে উচ্ছ্বাস— বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যেন উৎসবের আবহ। কেউ সেলফি তুলছেন, কেউ আবার ঝালমুড়ি খেতে খেতেই স্লোগানে গলা মেলাচ্ছেন। এক সমর্থক বলেন, “প্রচারে এসে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেয়েছিলেন। তখন থেকেই এটা আমাদের কাছে আলাদা আবেগের বিষয় হয়ে গিয়েছে। আজ বাংলায় বিজেপির সরকার গঠনের দিনে আমরাও ঝালমুড়ি খেয়ে সেলিব্রেট করছি।” তবে শুধুই উদযাপন নয়, রাজনৈতিক খোঁচাও ছিল স্পষ্ট। এক সমর্থক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, “ঝালমুড়ি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। ঝালে দিদি জ্বলুক। আমরা দিদির উদ্দেশ্যেও ঝালমুড়ি পাঠাতে চাই।” শুধু ঝালমুড়ি নয় স্টলে স্টলে সীতাভোগ, মিহিদানারও ছড়াছড়ি।
ব্রিগেডে মুখ্যমন্ত্রীর শপথে ‘হটকেক’ ঝালমুড়ি !