Skip to content

ঝাড়গ্রামের গর্ব চুনিবালা — আন্তর্জাতিক মঞ্চে ব্রোঞ্জ জিতে নজির গড়লেন প্রাক্তন বিধায়িকা!

1 min read

নিজস্ব সংবাদদাতা : বয়স যে কেবল একটি সংখ্যা, আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে বিশ্বমঞ্চও জয় করা যায়—তার উজ্জ্বল প্রমাণ রাখলেন চুনিবালা হাঁসদা। ঝাড়গ্রাম জেলার মুকুটে জুড়ল আন্তর্জাতিক সাফল্যের নতুন পালক। দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে তিনি আবারও প্রমাণ করলেন—লড়াইয়ের মানসিকতা থাকলে অসম্ভব কিছুই নয়।ওপেন মাস্টার্স গেমস-এ অংশ নিয়ে ৬৫ বছরের ঊর্ধ্ব মহিলাদের হাইজাম্প বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন তিনি।

প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জায়েদ স্পোর্ট সিটি স্টেডিয়াম-এ, যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫ হাজার ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিলেন। সেই কঠিন প্রতিযোগিতার মধ্যেই নিজের দৃঢ়তা ও মানসিক শক্তির জোরে ব্রোঞ্জ জিতে নেন এই প্রবীণ যোদ্ধা।চুনিবালা হাঁসদার এই সাফল্যে গর্বিত গোটা ঝাড়গ্রাম তথা বাংলা।

তাঁর কন্যা ও মন্ত্রী বিরবাহা হাঁসদা আবেগঘন প্রতিক্রিয়ায় বলেন, “এই বয়সেও কীভাবে নিজেকে সুস্থ ও সক্রিয় রাখা যায়, তা মা নিজের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন। বিশ্বের এত দেশের প্রতিযোগীদের মধ্যে তাঁর এই সাফল্য শুধু মেয়ে হিসেবেই নয়, জঙ্গলমহলের বাসিন্দা হিসেবেও আমাকে গর্বিত করেছে।”সংগ্রাম, আত্মবিশ্বাস ও অদম্য মানসিকতার প্রতীক হয়ে উঠেছেন চুনিবালা হাঁসদা—আর তাঁর এই জয় প্রমাণ করে দিল, স্বপ্ন দেখার কোনও বয়স হয় না।

Latest

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা, উপস্থিত হিন্দি বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য!