Skip to content

জোতার স্মৃতিতে আবেগঘন পর্তুগাল, বিশেষ রিস্টব্যান্ড পরে বিশ্বকাপ অভিযানে রোনাল্ডোরা

নিজস্ব সংবাদদাতা: বিশ্বকাপের মঞ্চে এবার দেখা যাবে না দিয়োগো জোতাকে। তবুও পর্তুগাল দলের সঙ্গে যেন অদৃশ্যভাবে উপস্থিত থাকবেন তিনি। প্রয়াত সতীর্থের স্মৃতিকে সম্মান জানাতে বিশেষ রিস্টব্যান্ড পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো-সহ পর্তুগাল দলের সকল ফুটবলার। অনুশীলনের সময় থেকেই ফুটবলারদের হাতে দেখা গিয়েছে বিশেষ এই রিস্টব্যান্ড। জানা গেছে,পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রোর পক্ষ থেকে দলের সদস্যদের উপহার হিসেবে দেওয়া হয়েছে এটি। রিস্টব্যান্ডে পর্তুগাল দলের বর্তমান ফুটবলারদের নামের পাশাপাশি বিশেষভাবে স্থান পেয়েছে দিয়োগো জোতার নাম।

দেশের জার্সিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা জোতা জাতীয় দলের হয়ে ৪৯টি ম্যাচে ১৪টি গোল করেছিলেন। বিশ্বকাপের মঞ্চেও তাঁর উপস্থিতি প্রত্যাশিত ছিল। কিন্তু গত বছরের ৩ জুলাই স্পেনে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে প্রাণ হারান তিনি। সেই শোক আজও ভুলতে পারেনি পর্তুগিজ ফুটবল পরিবার। দলের মিডফিল্ডার ভিটিনহা সংবাদমাধ্যমকে জানান,  “আসলে এই রিস্টব্যান্ড পরার আসল কাহিনিটা হল, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনিই এটি আমাদের উপহার দিয়েছেন। ওরা এমন একটি রিস্টব্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যেটি পরে আমরা মাঠে নামতে পারি। রিস্টব্যান্ড সব ফুটবলারের নামের পাশাপাশি আলাদা করে সম্মান জানানো হয়েছে দিয়োগো জোতাকে।” আরও বলেন, “এটা আমরা পরব কি না সেটা আমাদের উপরেই ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই রিস্টব্যান্ড আমাদের সবার ভাল লেগেছে। তাই ঠিক করা হয়েছে ম্যাচেও পরে নামব।” বিশ্বকাপের প্রথম ম্যাচে বুধবার কঙ্গোর মুখোমুখি হবে পর্তুগাল। তবে ম্যাচের ফলাফলের বাইরে এদিন আরও একটি আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকবে ফুটবল বিশ্ব—প্রয়াত সতীর্থের স্মৃতিকে বুকে ধারণ করে মাঠে নামবেন রোনাল্ডোরা। জোতা হয়তো আর মাঠে ফিরবেন না, কিন্তু তাঁর স্মৃতি, অবদান এবং অনুপ্রেরণা পর্তুগাল দলের প্রতিটি পদক্ষেপে বেঁচে থাকবে।

জোতার স্মৃতিতে বিশেষ রিস্টব্যান্ড ।

Latest