অভিজিৎ সাহা: তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং দলের অন্যতম প্রবীণ নেতা Jyotipriya Mallick ওরফে বালু দলের সমস্ত সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন। মাত্র কয়েকদিন আগেই তাঁকে দলের জাতীয় কর্ম সমিতির সদস্য করা হয়েছিল। সেই পদ-সহ দলের সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠনের পর থেকেই Mamata Banerjee-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। একাধিকবার বিধায়ক ও মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তিনি। রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পরও তাঁর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রকাশ্যে তাঁকে সমর্থনও করেছিলেন। সম্প্রতি দলের জাতীয় কর্ম সমিতিতে অন্তর্ভুক্ত হওয়ার পরই আচমকা ইস্তফা দেওয়ায় রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা উঠে আসছে। যদিও জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, গুরুতর শারীরিক অসুস্থতার কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর দাবি, রক্তে শর্করার মাত্রা অত্যন্ত বেশি, পাশাপাশি কিডনির সমস্যাও রয়েছে। এই অবস্থায় দলের সাংগঠনিক কাজের সঙ্গে যুক্ত থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের বর্তমান পরিস্থিতি এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটেও এই পদত্যাগ তাৎপর্যপূর্ণ। যদিও এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, রাজনৈতিক মহলে জোর জল্পনা !