Skip to content

খড়্গপুরে ২৫তম বর্ষে বিনামূল্যের চক্ষু শিবির, ২২৫ জনের চোখ পরীক্ষা—৫০ জনের ছানি অপারেশন হবে ফ্রি!

অরিন্দম চক্রবর্তী : ১লা মার্চ, রবিবার মানবিক উদ্যোগে আবারও দৃষ্টান্ত স্থাপন করল খড়্গপুর নাগরিক সংঘ। সংঘের ব্যবস্থাপনায় এবং কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় অনুষ্ঠিত হল এক বৃহৎ বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির। শহরের আয়মার ছত্তিশ গড় হাই স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরে এদিন মোট ২২৫ জন তাঁদের চোখ পরীক্ষা করান।

চোখ পরীক্ষা করেন পূর্ব মেদিনীপুর জেলার চৈতন্যপুরের Vivekananda Mission Ashram-এর ১৬ জন চিকিৎসক। আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিস্তারিত পরীক্ষা করা হয় প্রত্যেক রোগীর।সংঘের সভাপতি সুরেশ চন্দ্র দ্বিবেদী ও সভাপতি অঙ্কুর কুমার দ্বিবেদী জানান, পরীক্ষার পর ৫০ জন রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশনের জন্য পাঠানো হবে। শুধু অপারেশনই নয়, প্রয়োজনীয় ওষুধ ও চশমাও বিনামূল্যে প্রদান করা হবে।কল্যাণী চন্দ মেমোরিয়াল ট্রাস্টের কর্ণধার গৌতম চন্দ জানান, এ বছরের শিবিরটি ২৫তম বর্ষে পদার্পণ করল। দীর্ঘ এক চতুর্থাংশ শতাব্দী ধরে এই সেবামূলক কার্যক্রম চালিয়ে যাওয়া তাঁদের কাছে গর্বের বিষয়।

উমা রায়, বিমলেশ যাদব ও কুনাল সিং জানান, ছানি ও অন্যান্য সমস্যার চিকিৎসার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী চশমা এবং ওষুধ সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ সহায়ক, কারণ বেসরকারি চিকিৎসার খরচ বহন করা অনেকের পক্ষেই কঠিন।মানবিক এই উদ্যোগে উপকৃত হলেন শতাধিক মানুষ, আর একদিনের জন্য হলেও অনেকের দৃষ্টিতে ফিরল নতুন আশার আলো।

Latest