নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে শালিমার এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা উদ্ধার করে বড়সড় সাফল্য পেল রেল পুলিশ। রবিবার, ২৯ মার্চ শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস থেকে নামার পর এক ব্যক্তির সন্দেহজনক আচরণ নজরে আসে Government Railway Police (GRPS)-এর। এরপরই তাঁকে আটক করে রুটিন জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালানো হলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির কাছ থেকে ভারতীয় মুদ্রায় প্রায় ৪৫ লক্ষ ২৬ হাজার ৯০০ টাকা সমমূল্যের বিদেশি ডলার উদ্ধার হয়েছে।

এত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনায় রেলপুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।আটক ব্যক্তির নাম অলোক কুমার। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি বিহারের ফুলবেরিয়া এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তিনি এত পরিমাণ বিদেশি মুদ্রা বহন করছিলেন, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ইতিমধ্যেই সেই বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ।ঘটনার পর শালিমার GRPS থানায় নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) মেনে মামলা রুজু করা হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে রেল পুলিশ জানার চেষ্টা করছে, এর পিছনে কোনও বড় চক্র বা পাচারচক্র জড়িত রয়েছে কি না।পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য বা আন্তর্জাতিক মুদ্রা পাচার চক্রের যোগ থাকতে পারে। সেই সম্ভাবনাকে সামনে রেখেই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে এখন নজর সকলের।