Skip to content

সিজ়ারের পর প্রসূতির শরীরে ঘা, চিকিৎসায় গাফিলতির অভিযোগে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভাঙচুর — উত্তেজনা চরমে!

1 min read

অভিজিৎ সাহা : প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল খড়্গপুর মহকুমা হাসপাতাল। রবিবার বিকেলে ক্ষুব্ধ পরিবারের ভাঙচুরে হাসপাতালে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ প্রশাসনের দ্বারস্থ হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৭ জানুয়ারি খড়্গপুর শহরের এক প্রসূতিকে মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সি-সেকশন বা সিজ়ারিয়ান ডেলিভারি করান। নবজাতক সুস্থ থাকলেও প্রসবের কিছুদিন পর মায়ের শরীরে ঘা দেখা দেয় বলে অভিযোগ পরিবারের। তাঁদের দাবি, অস্ত্রোপচারের সেলাইয়ের পর সংক্রমণ হওয়ায় এই সমস্যা তৈরি হয়েছে। অভিযোগ, চিকিৎসকেরা ভুল স্বীকার করেননি, এমনকি প্রসূতি বা পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথাও বলেননি। অন্য কোনও হাসপাতালে রেফার করার পরামর্শও দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।৮ই ফেব্রুয়ারি  রবিবার বিকেলে বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। তাঁদের জানানো হয়, একটি ‘ছোট সমস্যা’ হয়েছে এবং চিকিৎসকেরা বিষয়টি দেখছেন। কিন্তু অভিযোগ, আলোচনার পরেও বিকেল প্রায় পাঁচটা নাগাদ ক্ষোভে ফেটে পড়ে পরিবার। হাসপাতালের ওয়ার্ড মাস্টারের অফিসঘরে ভাঙচুর চালানো হয়।হাসপাতাল কর্তৃপক্ষ সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে খড়্গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর ও মহকুমাশাসকের কাছেও জানানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

Latest