নিজস্ব সংবাদদাতা : দীর্ঘদিন ধরে খড়্গপুরের একাধিক রাস্তায় নিয়মিত জঞ্জাল সাফাই না হওয়ায় পরিস্থিতি কার্যত অসহনীয় হয়ে উঠেছে।

বিশেষ করে মালঞ্চা রোড এলাকায় আবর্জনার স্তূপ জমে থেকে চারদিকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বারবার Kharagpur Municipality-কে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।প্রতিদিন অফিসযাত্রী, ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে এই আবর্জনার পাশ দিয়েই যাতায়াত করতে হচ্ছে। রাস্তার ধারে বড় বড় প্লাস্টিকের বস্তায় করে আবর্জনা ফেলে যাচ্ছে একাংশ মানুষ।
খালি জলের বোতল, হোটেল ও খাবারের দোকানের উচ্ছিষ্ট—সবই এসে জমছে খোলা জায়গায়। পচে যাওয়া খাবার থেকে তৈরি হচ্ছে অসহনীয় দুর্গন্ধ, যা পরিবেশের পাশাপাশি জনস্বাস্থ্যের পক্ষেও মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়দের আরও অভিযোগ, প্রশাসনিক স্তরে চরম উদাসীনতা রয়েছে। খড়্গপুরের মালঞ্চা রোডের বড় ডাস্টবিনগুলি উপচে পড়ছে আবর্জনায়। পরিবেশবান্ধব ভ্যাটের ব্যবস্থা নেই বললেই চলে।

যেখানে আছে, সেগুলিও ভগ্নদশায় পড়ে রয়েছে।এই পরিস্থিতির প্রতিবাদে এবং জঞ্জালমুক্ত খড়্গপুরের মালঞ্চা রোডের দাবিতে সরব হয়েছে ‘আমরা বামপন্থী’ সংগঠন। আধুনিক ও পরিবেশবান্ধব ভ্যাট নির্মাণের দাবিতে ব্যানার টাঙিয়ে সাধারণ মানুষ ও পৌরসভাকে সচেতন করার উদ্যোগ নিয়েছে তারা।স্থানীয়দের স্পষ্ট বার্তা—দুর্গন্ধ আর অব্যবস্থাপনা মেনে নেওয়া হবে না। অবিলম্বে সাফাই ও স্থায়ী সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিচ্ছেন বাসিন্দারা।