নিজস্ব সংবাদদাতা : বিধানসভা ভোটের প্রাক্কালে খড়্গপুরে নতুন করে চাপে রাজনৈতিক দলগুলি। “ভোটের লড়াইতে আছি, কিন্তু দূষণের লড়াইতে নেই”—এই অভিযোগকে সামনে রেখে সরব হয়েছে খড়্গপুর দূষণ বিরোধী মঞ্চ। মঞ্চের পক্ষ থেকে স্পঞ্জ আয়রন কারখানার দূষণের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের কাছে জমা দেওয়া হয়েছে প্রতিবাদ পত্র।মঞ্চের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্পঞ্জ আয়রন কারখানার দূষণে কার্যত বিপর্যস্ত খড়্গপুর।

পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর ভয়াবহ প্রভাব পড়লেও এই বিষয়ে রাজনৈতিক দলগুলির ভূমিকা প্রায় শূন্য। শুধু নীরবতাই নয়, অভিযোগ উঠেছে—কিছু রাজনৈতিক দল দূষণ ছড়ানো সংস্থার কাছ থেকেই আর্থিক সহায়তা নিয়ে উৎসব, খেলা ও মেলার আয়োজন করছে।এই পরিস্থিতির প্রতিবাদেই খড়্গপুরের ১৬টি ক্লাব ও সামাজিক সংগঠন একজোট হয়ে গড়ে তুলেছে খড়্গপুর দূষণ বিরোধী মঞ্চ।

তাঁদের দাবি, “যারা শহরে বিষ ছড়াচ্ছে, তাদের টাকায় আনন্দ উদযাপন লজ্জাজনক।” এই অবস্থানের বিরুদ্ধেই লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে মঞ্চ।ভোটের আগে রাজনৈতিক দলগুলির কাছে স্পষ্ট দাবি রাখা হয়েছে—ভোট চাইতে আসার আগে স্পঞ্জ আয়রন দূষণের বিরুদ্ধে কার্যকর কর্মসূচি নিতে হবে। না হলে জনগণই ভোটে জবাব দেবে।

এই প্রতিবাদপত্র দেওয়া হয়েছে Indian National Congress, SUCI, Communist Party of India, Communist Party of India (Marxist), All India Trinamool Congress এবং Bharatiya Janata Party-সহ বিভিন্ন দলের জেলা নেতৃত্বের কাছে। প্রত্যেকেই এই আবেদনপত্র গ্রহণ করেছেন এবং দূষণ সমস্যার গুরুত্ব স্বীকার করেছেন বলে জানা গিয়েছে।

রাজনৈতিক নেতৃত্বের তরফে আশ্বাস মিলেছে—আগামী দিনে এবং ভোট প্রচারে এই ইস্যুকে গুরুত্ব দিয়ে দেখা হবে ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।অন্যদিকে সাধারণ মানুষের কাছেও আহ্বান জানানো হয়েছে—ভোট দেওয়ার আগে প্রার্থীদের কাছে দূষণ সমস্যার সমাধান নিয়ে সরাসরি প্রশ্ন তুলুন। কারণ, উন্নয়ন নয়, বেঁচে থাকার লড়াইটাই এখন খড়্গপুরবাসীর কাছে সবচেয়ে বড় ইস্যু।