সাহিত্য সম্মাননা, শারদ সংখ্যার উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনায় জমজমাট ‘আদৃতা’র আসর!

সাহিত্য সম্মাননা, শারদ সংখ্যার উন্মোচন ও সাংস্কৃতিক পরিবেশনায় জমজমাট ‘আদৃতা’র আসর!

নিজস্ব সংবাদদাতা : বেহালার শরৎ সদনে অনুষ্ঠিত হল ‘আদৃতা ফাউন্ডেশন’-এর উদ্যোগে এক বর্ণময় সাংস্কৃতিক ও সাহিত্য সন্ধ্যা। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘আদৃতা’ পত্রিকার শারদ সংখ্যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন। সাহিত্য, সম্মাননা ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনটি হয়ে উঠেছিল প্রাণবন্ত ও স্মরণীয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, নলিনী বেরা ও স্বপ্নময় চক্রবর্তী-সহ বিশিষ্ট সাহিত্যিক ও সংস্কৃতিজনেরা। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ মর্যাদা লাভ করে। পত্রিকার শারদ সংখ্যার মোড়ক উন্মোচনের পর তিন সাহিত্যিকের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও সম্মাননা। প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য ছিল ১ লক্ষ টাকা।অনুষ্ঠানের বক্তৃতা ও স্মৃতিচারণায় উঠে আসে ‘আদৃতা ফাউন্ডেশন’-এর পথচলার কথা। ফাউন্ডেশনের প্রাণপুরুষ ও পত্রিকার সম্পাদক রমেশ পালিত জানান, তাঁর মা ঊষা পালিতের স্বপ্নকে সামনে রেখেই এই প্রতিষ্ঠান এগিয়ে চলেছে। তাঁর কথায়, ‘আদৃতা ফাউন্ডেশন’-এর সঙ্গে যুক্ত প্রত্যেকেই এক বৃহৎ পরিবারের সদস্য। সেই পারিবারিক বন্ধন ও সম্মিলিত প্রয়াসই প্রতিষ্ঠানের কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে।সম্মাননা পর্বের পর ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত ছেলেমেয়েদের পরিবেশনায় দর্শকরা উপভোগ করেন নানা সাংস্কৃতিক পরিবেশনা। বিশেষ আকর্ষণ ছিল ‘পঞ্চ ভূত’ ব্যান্ডের সঙ্গীত পরিবেশনা। তাঁদের গান ও পরিবেশনা উপস্থিত দর্শকদের মন জয় করে নেয়।সমগ্র অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় রমেশ পালিতের নেতৃত্বে। তাঁর সঙ্গে অনিকেত সান্যাল, চন্দ্রাবলী বন্দ্যোপাধ্যায়, তরুণ সঙ্গীতশিল্পী আকাশ ধাড়া, পার্থ চন্দ, অর্পিতা পালিত, কমল পাল, স্বস্তি বিশ্বাস, মঙ্গল মিদ্যা ও অজিত দাস-সহ ‘আদৃতা’র সঙ্গে যুক্ত সকলের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও সফল।সাহিত্যিকদের সম্মাননা, নতুন সংখ্যার প্রকাশ এবং সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে ‘আদৃতা ফাউন্ডেশন’-এর এই আয়োজন সাহিত্য ও সংস্কৃতির এক সুন্দর মেলবন্ধনের সাক্ষী হয়ে থাকল।