গাড়ি শেখার সময় মর্মান্তিক পরিণতি, কেষ্টপুরের পুকুরে গাড়ি পড়ে মৃত্যু বধূর!
নিজস্ব সংবাদদাতা : গাড়ি চালানো শেখার প্রস্তুতি নিতে গিয়ে মর্মান্তিক পরিণতি হল এক বধূর। বুধবার সকালে কেষ্টপুরের একটি পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হল সুমিত্রা দাসের। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল ও বাগুইআটি থানার পুলিশ পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে।

জানা গিয়েছে, কেষ্টপুরের প্রফুল্ল কাননের বাসিন্দা সুমিত্রা দাস এদিন সকালে মেয়েকে স্কুটিতে করে স্কুলে পৌঁছে দেন। এরপর স্কুটি বাড়িতে রেখে স্বামী কৃষ্ণেন্দু দাসের কেনা নতুন গাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়েন। গাড়ি চালানোর লাইসেন্স এখনও পাননি সুমিত্রা। আগামী ২২ আগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই গাড়ি চালানোর অনুশীলনে বেরিয়েছিলেন তিনি।পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় আচমকাই ব্রেকের পরিবর্তে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায় সুমিত্রার। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত এগিয়ে গিয়ে পুকুরে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বাগুইআটি থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পুকুরের মাঝখান থেকে গাড়িটিকে উদ্ধার করা হয়। এরপর গাড়ির ভিতর থেকে সুমিত্রার দেহ উদ্ধার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়ি উদ্ধারের পর সুমিত্রার অবস্থান দেখে অনুমান করা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি প্রাণে বাঁচার চেষ্টা করেছিলেন। তাঁর মুখ ছিল গাড়ির পিছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের কাছে।