নিজস্ব সংবাদদাতা: কলকাতায় শুক্রবারের প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে হিংসা, ভাঙচুর এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পুলিশের দাবি, ধৃতদের কেউই পড়ুয়া নন। তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন ভাঙচুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাংবাদিকদের উপর হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।পুলিশ সূত্রে খবর, ঘটনার পর বেশ কয়েকজনকে চিহ্নিত করে আটক করা হয়। তাঁদের মধ্যে মহম্মদ আফরোজ এবং মহম্মদ আজাদকে পশ্চিমবঙ্গ ছেড়ে পালানোর চেষ্টা করার অভিযোগে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের অন্ডাল এলাকা থেকে আটক করা হয়। পরে তদন্ত এগোলে আরশাদ আলি ওরফে সাজিদ-সহ আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। সব মিলিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪।
কলকাতা পুলিশের দাবি, ধৃতরা সকলেই ‘সিজেপি’-র মিছিলে উপস্থিত ছিলেন এবং হিংসা ও ভাঙচুরে জড়িত ছিলেন। ধৃত প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।শুক্রবার কথিত NEET প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়। বামপন্থী ছাত্র সংগঠনগুলির পাশাপাশি ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র সমর্থকরাও কর্মসূচিতে অংশ নেন বলে জানা যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ভেঙে দেওয়া এবং আন্দোলনরত পড়ুয়াদের উপর কথিত পুলিশি অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।