নিজস্ব সংবাদদাতা : টানা চার দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে রাজ্য জুড়ে খুলল মদের দোকান। আর দরজা খোলার সঙ্গে সঙ্গেই ভিড়— এমন ভিড় যে কয়েক ঘণ্টার মধ্যেই কার্যত ফাঁকা হয়ে গেল দোকানের তাক। ক্রেতাদের হুড়োহুড়িতে দুপুর গড়ানোর আগেই ‘স্টক আউট’ পরিস্থিতি তৈরি হয়েছে বহু জায়গায়। দোকানদারদের কথায়, সাধারণ দিনে যেখানে সারাদিনে যত বিক্রি হয়, শুক্রবার দুপুরের মধ্যেই তার কয়েক গুণ বেশি মদ বিক্রি হয়ে গিয়েছে। দেশি হোক বা বিদেশি— সব ধরনের মদের চাহিদাই ছিল তুঙ্গে। অনেকেই ভবিষ্যতের কথা ভেবে একসঙ্গে বেশি করে মদ মজুত করার চেষ্টা করেছেন, ফলে চাহিদা বেড়েছে অস্বাভাবিকভাবে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের কারণে আচমকাই রাজ্যজুড়ে ‘ড্রাই ডে’ ঘোষণা করা হয়েছিল। প্রথম দফার ভোটের আগে ২০ এপ্রিল থেকে বন্ধ ছিল মদের দোকান। বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ শেষ হওয়ার পর শুক্রবার দোকান খোলার অনুমতি দেওয়া হয়। তবে এই ছাড় সাময়িক— শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্তই খোলা থাকবে দোকান। এরপর দ্বিতীয় দফার ভোটের জন্য আবার বন্ধ হয়ে যাবে, যা চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।এই পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে তাড়াহুড়ো আরও বেড়েছে। কিন্তু দোকানে গিয়ে অনেকেই খালি হাতে ফিরছেন। কারণ, দোকানগুলিতেই মদের মজুত প্রায় শেষ। ব্যবসায়ীদের অভিযোগ, হঠাৎ করে দোকান বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় আগে থেকে পর্যাপ্ত মদ মজুত করার সুযোগ পাননি তাঁরা। ফলে চাহিদার সঙ্গে জোগানের কোনও মিল থাকছে না। সব মিলিয়ে, ভোটের আবহে মদের বাজারে এখন তীব্র চাপ। শনিবার সন্ধ্যা পর্যন্ত কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তা নিয়ে দুশ্চিন্তায় দোকানদাররা। অন্যদিকে, ক্রেতাদের একাংশ এখনও দোকান থেকে মদ সংগ্রহ করতে হন্যে হয়ে ঘুরছেন শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।
ভোটের আবহে মদের হাহাকার! চার দিন পর দোকান খুলতেই ভিড়, দুপুরেই ‘স্টক’ শেষ