Skip to content

জ্বালানির বাজারে বড় ধাক্কা: দিল্লিতে প্রিমিয়াম পেট্রলের দাম বাড়ল, বিমান ভাড়া বাড়ার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতির সরাসরি প্রভাব এবার ভারতের জ্বালানি বাজারেও স্পষ্ট। পয়লা এপ্রিল থেকেই দিল্লিতে হঠাৎ বেড়ে গেল প্রিমিয়াম পেট্রল ও ডিজ়েলের দাম। একই সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েল (ATF)-এর দাম। এর জেরে খুব শীঘ্রই বিমান ভাড়াও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল তাদের ১০০ অকটেন প্রিমিয়াম পেট্রল XP100-এর দাম প্রতি লিটারে ₹১১ বাড়িয়ে ₹১৬০ করেছে। আগে এই জ্বালানির দাম ছিল ₹১৪৯ প্রতি লিটার। পাশাপাশি Xtra Green প্রিমিয়াম ডিজ়েল-এর দামও বেড়ে ₹৯১.৪৯ থেকে ₹৯২.৯৯ প্রতি লিটার হয়েছে। আপাতত এই মূল্যবৃদ্ধি দিল্লিতে কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে।তেল সংস্থাগুলি আনুষ্ঠানিকভাবে মূল্যবৃদ্ধির নির্দিষ্ট কারণ জানায়নি। তবে বাজার বিশেষজ্ঞদের মতে, পশ্চিম এশিয়ার সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দ্রুত ঊর্ধ্বমুখী। সরবরাহ শৃঙ্খলেও চাপ বাড়ছে। ফলে উচ্চমানের জ্বালানির উৎপাদন ও পরিবহণ খরচ বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত।সবচেয়ে বড় ধাক্কা এসেছে বিমান পরিষেবায়। দিল্লিতে ATF-এর দাম প্রতি কিলোলিটারে ₹২,০৭,৩৪১.২২, যা দেশে এই প্রথম ₹২ লক্ষের গণ্ডি পেরোল। গত ১ মার্চ এই দাম ছিল ₹৯৬,৬৩৮.১৪। অর্থাৎ এক মাসে দাম প্রায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। এই বিপুল বৃদ্ধি বিমান সংস্থাগুলির অপারেশনাল খরচ বাড়িয়ে দেবে, যার সরাসরি প্রভাব পড়তে পারে যাত্রীদের পকেটে।বিশেষজ্ঞদের মতে, যদি পশ্চিম এশিয়ার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়, তবে শুধু বিমান ভাড়াই নয়, ভবিষ্যতে সাধারণ জ্বালানির বাজারেও নতুন করে চাপ তৈরি হতে পারে। যদিও আপাতত সাধারণ পেট্রল ও ডিজ়েলের দামে কোনও পরিবর্তন হয়নি, তবুও বাজারে অস্বস্তি বাড়ছে।

Latest