নিজস্ব সংবাদদাতা : রাজ্যের বিভিন্ন পুরসভায় কাউন্সিলরদের ভয় দেখানো, গ্রেফতার এবং রাজনৈতিক চাপের অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি কালীঘাটের বাড়িতে দমদম লোকসভা সাংগঠনিক জেলার অন্তর্গত পুরসভাগুলির তৃণমূল কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। উপস্থিত ছিলেন দমদম জেলা তৃণমূল সভাপতি তথা কামারহাটির বিধায়ক মদন মিত্র-সহ দলের একাধিক শীর্ষ নেতা।বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় কাউন্সিলরদের ভয় দেখানো হচ্ছে এবং পুরনো ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। দক্ষিণ দমদমের এক কাউন্সিলরের আত্মঘাতী হওয়ার ঘটনাও তুলে ধরে তিনি বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে সংগঠিত ভাবে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে।আইনি লড়াই জোরদার করতে এদিন পাঁচ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেন তৃণমূল নেত্রী। কমিটিতে রাখা হয়েছে মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্র, তাপস চট্টোপাধ্যায় ও সব্যসাচী দত্তকে। কাউন্সিলরদের যে কোনও আইনি সমস্যা বা পরামর্শের ক্ষেত্রে এই কমিটির সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভায় কাউন্সিলরদের দলত্যাগের আবহে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে দলবদল প্রসঙ্গে মমতা স্পষ্ট বার্তা দেন, “যাঁরা থাকতে চান, তাঁদের নিয়েই দলকে আরও শক্তিশালী করা হবে।” পাশাপাশি বেআইনি উচ্ছেদ ও বুলডোজ়ার রাজনীতির বিরুদ্ধেও সরব হন তিনি।
কাউন্সিলরদের বার্তা দিলেন মমতা, দমদমে গঠিত বিশেষ আইনি কমিটি