নিজস্ব সংবাদদাতা : উত্তর সিকিমের লাচেন ও চুংথাংয়ের মাঝামাঝি এলাকায় ভয়াবহ ধস নেমে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ পাহাড়ি রাস্তা। এর জেরে শত শত পর্যটক আটকে পড়েছেন দুর্গম এলাকায়। পরিস্থিতি সামাল দিতে দ্রুত উদ্ধারকাজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী।সেনার ‘ত্রিশক্তি কোর’-এর নেতৃত্বে শুরু হয়েছে ‘অপারেশন হিম সেতু’।

প্রবল তুষারপাত, প্রতিকূল আবহাওয়া এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের মধ্যেও সেনা জওয়ানরা যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার ও আটকে পড়া পর্যটকদের নিরাপদে সরিয়ে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।এখনও পর্যন্ত ১৩৫ জন পর্যটককে তাঁদের গাড়ি ও মোটরসাইকেল-সহ নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হয়েছে। উদ্ধারকাজে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে অসুস্থ, প্রবীণ এবং যাঁদের অতিরিক্ত সহায়তার প্রয়োজন, এমন পর্যটকদের।

তবে প্রশাসন সূত্রে খবর, এখনও প্রায় ১,০০০ পর্যটক বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করতে বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে অভিযান জারি রেখেছে সেনাবাহিনী।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, আটকে পড়া প্রত্যেক পর্যটকের নিরাপত্তাই এই মুহূর্তে সর্বোচ্চ অগ্রাধিকার। পাহাড়ি আবহাওয়া স্বাভাবিক হলেই আরও দ্রুত গতিতে রাস্তা পরিষ্কার ও উদ্ধারকাজ এগোনো হবে।