১৯তম আন্তঃকলেজ খো-খো লড়াইয়ে মেদিনীপুর কলেজের দাপট, দুই বিভাগেই চ্যাম্পিয়ন
নিজস্ব সংবাদদাতা : খো-খোর মাঠে দুরন্ত পারফরম্যান্স, আর তারই হাত ধরে জোড়া সাফল্য। পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই চ্যাম্পিয়ন হয়ে নজির গড়ল মেদিনীপুর কলেজ (অটোনমাস)। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের শহিদ ক্ষুদিরাম বসু ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত ১৯তম আন্তঃকলেজ খো-খো প্রতিযোগিতা ২০২৬-এ দুই বিভাগেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করল কলেজের খেলোয়াড়রা। প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা বিভাগ মিলিয়ে মোট ১৩টি কলেজ অংশগ্রহণ করে।

মহিলা বিভাগে রানার্সআপ হয় পাঁশকুড়া বনমালী কলেজ (অটোনমাস)। এই বিভাগে মেদিনীপুর কলেজের অনামিকা জানা নির্বাচিত হন ‘বেস্ট প্লেয়ার’। অন্যদিকে, পুরুষ বিভাগেও রানার্সআপের সম্মান পায় পাঁশকুড়া বনমালী কলেজ। এই বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেদিনীপুর কলেজের অনিমেষ মান্না।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী, ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ার ড. অশোক কুমার এবং বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস অফিসার সুহাস বারিক। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. অশোক কুমার, ড. বিপ্লব মণ্ডল ও সুহাস বারিক। তাঁদের উপস্থিতিতে বিজয়ী দল ও কৃতী খেলোয়াড়দের সম্মানিত করা হয়।

দুই বিভাগে চ্যাম্পিয়নশিপের পাশাপাশি ব্যক্তিগত বিভাগেও সেরা খেলোয়াড়ের সম্মান ছিনিয়ে নিয়ে প্রতিযোগিতায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করল মেদিনীপুর কলেজ। এই আন্তঃকলেজ প্রতিযোগিতা পড়ুয়াদের মধ্যে দলগত সংহতি, প্রতিযোগিতামূলক মনোভাব ও ক্রীড়াসুলভ মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করল।
