Skip to content

মেদিনীপুরে ‘বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬’—মাছের উৎসবে ভিড়, ঐতিহ্য ও অর্থনীতির বার্তা একসঙ্গে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি  মেদিনীপুরে একদিনের ‘বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬’ ঘিরে তৈরি হল উৎসবের রঙিন আবহ। জেলা পরিষদ হল প্রাঙ্গণের শহীদ প্রত্যুৎ স্মৃতি সদন ভরে উঠল দর্শনার্থীদের ভিড়ে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার যৌথ উদ্যোগে, জেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠান মাছপ্রেমী বাঙালির কাছে হয়ে উঠল বিশেষ আকর্ষণ। রাজ্যের মুখ্যমন্ত্রী Mamata Banerjee-এর অনুপ্রেরণায় আয়োজিত এই ফেস্টে বাঙালির খাদ্যসংস্কৃতির প্রাণ ‘মাছ’-এর ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা হয়।

দুপুর প্রায় দু’টো নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের সাংসদ কালিপদ সরেন, মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা-সহ একাধিক প্রশাসনিক আধিকারিক। এদিনের ফিশ ফেস্টে ইলিশ থেকে শুরু করে গলদা ও বাগদা চিংড়ি, রুই, কাতলা, মৃগেল, পাবদা, শোল, ট্যাংরা—বিভিন্ন প্রজাতির মাছের সমাহার নজর কাড়ে।

বিরল ও জনপ্রিয় প্রজাতির মাছের প্রদর্শনী দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে।শুধু প্রদর্শনী নয়, আধুনিক মাছ চাষের কৌশল, পোনা উৎপাদন, খাদ্য ব্যবস্থাপনা ও বিপণন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যও তুলে ধরা হয়। ফলে মৎস্যজীবী ও উদ্যোক্তাদের কাছে এই উৎসব হয়ে ওঠে বাস্তবমুখী প্রশিক্ষণ ও সম্ভাবনার মঞ্চ। সব মিলিয়ে ‘বেঙ্গল ফিশ ফেস্ট ২০২৬’ কেবল একটি খাদ্য উৎসব নয়—এটি মৎস্য শিল্পের প্রসার, স্থানীয় অর্থনীতির চাঙা হওয়া এবং বাঙালির ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিকে সামনে আনার এক কার্যকর উদ্যোগ। মাছকে কেন্দ্র করে আনন্দের আবহে অর্থনৈতিক অগ্রগতির স্পষ্ট বার্তাই দিল মেদিনীপুরের এই আয়োজন।

Latest