সেখ ওয়ারেশ আলী : শুক্রবার, ১০ এপ্রিল পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরে রাজনৈতিক উত্তেজনা পৌঁছেছে চরমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রতীক্ষিত রোড শোকে কেন্দ্র করে সকাল থেকেই শহরজুড়ে জোর প্রস্তুতি চোখে পড়ছে। মেদিনীপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজয় হাজরার সমর্থনে আয়োজিত এই কর্মসূচি ঘিরে দলীয় শিবিরের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও বাড়ছে আগ্রহ।নির্ধারিত সূচি অনুযায়ী, শহরের কলেজ ময়দান থেকে শুরু হবে মুখ্যমন্ত্রীর রোড শো। সেখান থেকে মিছিল এগোবে বটতলা, নিমতলা, স্কুল বাজার এবং জগন্নাথ মন্দির হয়ে রামকৃষ্ণ মিশন সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।

পুরো রুটজুড়ে জনসমাগমের সম্ভাবনা থাকায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।রোড শো শুরুর আগে কলেজ ময়দানে একাধিক দফায় নিরাপত্তা পরিদর্শন করেন প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে হেলিকপ্টার অবতরণের প্রস্তুতিও খতিয়ে দেখা হয়। মাঠে বিশেষ মহড়া চালিয়ে সমস্ত ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে, যাতে শেষ মুহূর্তে কোনও ত্রুটি না থাকে।এখন আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই মেদিনীপুরে পৌঁছানোর কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই রোড শোকে ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, পাশাপাশি শহরের সাধারণ মানুষের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ ও কৌতূহল। ভোটের আবহে এই কর্মসূচি যে মেদিনীপুরের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।