সেখ ওয়ারেশ আলী : আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে। সেই প্রেক্ষাপটে সোমবার মেদিনীপুরে উৎসাহী ও সংগঠিত পরিবেশে মনোনয়ন জমা দিলেন রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (রামবিলাস)-এর প্রার্থী সালেহা বেগম।২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে এদিন তিনি দলীয় কার্যালয় থেকে কর্মী-সমর্থকদের নিয়ে একটি সুসংগঠিত মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছয়।

সেখানে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের মনোনয়নপত্র জমা দেন। পুরো কর্মসূচি জুড়ে কর্মীদের উৎসাহ, শৃঙ্খলা এবং দলের প্রতি দৃঢ় আস্থার ছবি স্পষ্টভাবে ধরা পড়ে।উল্লেখযোগ্যভাবে, মেদিনীপুরে এই প্রথমবারের মতো রাষ্ট্রীয় লোক জনশক্তি পার্টি (রামবিলাস) নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছে, যা জেলার রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী সালেহা বেগম জানান, নির্বাচনে জয়ী হলে তিনি এমন পরিস্থিতি গড়ে তুলতে চান যাতে কোনও মহিলাকে আর জীবিকার তাগিদে অন্যের বাড়িতে কাজ করতে না হয়। পাশাপাশি তিনি রাজ্যজুড়ে অস্বচ্ছতা ও নোংরামি বন্ধ করা, নাগরিক পরিষেবার উন্নতি এবং শিক্ষাক্ষেত্রে আরও জোরদার পরিকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।মেদিনীপুরের নির্বাচনী লড়াইয়ে তাঁর এই বার্তা ইতিমধ্যেই কৌতূহল বাড়িয়েছে রাজনৈতিক মহলে।