Skip to content

মোবাইল না টিভি? ফুটবল বিশ্বকাপ দেখার জন্য কোন প্ল্যানে কত টাকা লাগবে

নিজস্ব সংবাদদাতা : ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতে ফিফা বিশ্বকাপ সম্প্রচারে সম্প্রতি ফিফার সঙ্গে আট বছরের সম্প্রচার চুক্তি করেছে জি এন্টারটেনমেন্ট। এই চুক্তির আওতায় আগামী দিনে দু’টি ফুটবল বিশ্বকাপ-সহ ফিফার একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতা সম্প্রচার করবে সংস্থাটি। এবার সেই বিশ্বকাপের ম্যাচ দেখতে হলে দর্শকদের খরচ করতে হবে অতিরিক্ত অর্থ। বর্তমানে অধিকাংশ দর্শক মোবাইল ফোনের মাধ্যমে খেলা উপভোগ করেন। তাঁদের জন্য জি ফাইভ (ZEE5) অ্যাপেই ম্যাচ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। জানা গিয়েছে, তিন মাসের জন্য ৭৯৯ টাকায় জ়ি ফাইভের বিশেষ সাবস্ক্রিপশন প্ল্যান নেওয়া যাবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে শুধু ফুটবল ম্যাচই নয়, অ্যাপের সমস্ত সিনেমা, ওয়েব সিরিজ এবং অন্যান্য বিনোদনমূলক কনটেন্টও দেখা যাবে।অন্যদিকে, টেলিভিশনে খেলা দেখতে চাইলে আলাদা করে স্পোর্টস চ্যানেল কিনতে হবে। অসমর্থিত সূত্রের খবর, ইউনাইট৮ স্পোর্টস ১ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ চ্যানেলের মাসিক মূল্য যথাক্রমে ৭ টাকা ও ৮ টাকা হতে পারে। এইচডি সংস্করণের জন্য খরচ হতে পারে ৯ টাকা এবং ১১ টাকা। চ্যানেল সক্রিয় করার জন্য সংশ্লিষ্ট কেবল বা ডিটিএইচ অপারেটরের সঙ্গে যোগাযোগ করতে হবে। জ়ি ফাইভের বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানও উপলব্ধ রয়েছে। ১৬৯৯ টাকায় এক বছরের এই প্ল্যানে একসঙ্গে চারটি স্ক্রিনে খেলা দেখার সুবিধা মিলবে। পাশাপাশি থাকবে ৪কে আল্ট্রা এইচডি স্ট্রিমিং এবং উন্নত মানের অডিও অভিজ্ঞতা। শুধুমাত্র বিশ্বকাপের জন্য আলাদা কোনও স্বল্পমূল্যের প্ল্যান আনা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রতিযোগিতা শুরুর আগে নতুন বিশেষ প্যাকেজ চালুর সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না। এদিকে যাঁদের ইতিমধ্যেই জি ফাইভের সাবস্ক্রিপশন রয়েছে, তাঁদের নতুন করে কোনও প্ল্যান কিনতে হবে না। এছাড়াও জিও, এয়ারটেল, ভোডাফোন, ওটিটি প্লে এবং টাটা প্লের নির্দিষ্ট প্যাকেজের সঙ্গে যাঁদের জি ফাইভ পরিষেবা যুক্ত রয়েছে, তাঁরাও অতিরিক্ত খরচ ছাড়াই বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে পারবেন। ফলে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এবার ভারতীয় দর্শকদের ঘরে পৌঁছালেও, সেই আনন্দ উপভোগ করতে কতটা খরচ করতে হবে, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

Latest