Skip to content

কিলো প্রতি আলুর দাম ১২ টাকার দাবিতে গড়বেতায় জাতীয় সড়ক অবরোধ, রাস্তায় আলু ঢেলে তীব্র প্রতিবাদ

অভিজিৎ সাহা: আলুর ন্যূনতম সহায়ক মূল্য প্রতি কিলো ১২ টাকা নির্ধারণের দাবিতে উত্তাল হল গড়বেতা শহর। ৯ দফা দাবিকে সামনে রেখে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধ কর্মসূচি পালন করল সারা ভারত কৃষক সভা। এদিন ফতেসিংপুর এলাকা থেকে শুরু হওয়া মিছিল গড়বেতা শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে ৬০ নম্বর জাতীয় সড়কে পৌঁছায়। সেখানে জাতীয় সড়কের উপর আলু ঢেলে প্রতীকী প্রতিবাদ জানান সংগঠনের কর্মী-সমর্থকেরা। এর জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে জানা গিয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, এ বছর আলুর ফলন ভালো হলেও বাজারে ন্যায্য দাম মিলছে না। পাইকারি বাজারে দাম ধস নামায় চাষিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে বলে দাবি তাঁদের। অবিলম্বে প্রতি কিলো আলুর সহায়ক মূল্য ১২ টাকা ঘোষণা করতে হবে এবং কৃষকদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে—এই দাবিতেই সরব হন আন্দোলনকারীরা। পাশাপাশি ৯ দফা দাবি দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তরুণ রায়, তাপস সিনহা, সনৎ চক্রবর্তী, তপন ঘোষ, সামেদ গায়েন, দিবাকর ভূঁইয়া সহ একাধিক জেলা ও ব্লক নেতৃত্ব। সংগঠনের দাবি, কয়েকশো কর্মী-সমর্থক এদিনের বিক্ষোভে সামিল হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। পরে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

কৃষকদের এই আন্দোলন আগামী দিনে বৃহত্তর আকার নিতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। এখন দেখার, প্রশাসন ও সরকার এই দাবির প্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে।

Latest