তিব্বতে বন্যায় নিখোঁজ ৮০ তীর্থযাত্রী, জিরং যাওয়ার অনুমতি চাইল ইশা ফাউন্ডেশন, সদগুরুর আবেদন চীনা কর্তৃপক্ষকে!
নিজস্ব সংবাদদাতা : তিব্বতে আকস্মিক বন্যায় নিখোঁজ ৮০ জন তীর্থযাত্রীর সন্ধানে সহায়তা করতে চীনা কর্তৃপক্ষের কাছে জিরং যাওয়ার অনুমতি চাইলেন আধ্যাত্মিক নেতা সদগুরু জগ্গী বাসুদেব। বৃহস্পতিবার তিনি জানান, স্বেচ্ছাসেবকদের একটি ছোট দলকে সঙ্গে নিয়ে নেপাল সীমান্তবর্তী জিরং-এ পৌঁছে অনুসন্ধান ও উদ্ধারকাজে সহযোগিতা করতে চান।বুধবার জিরং এলাকায় বিধ্বংসী বন্যা আঘাত হানার পর থেকেই কৈলাস তীর্থযাত্রীদের একটি দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদগুরু জানান, তাঁর দলের ৭৭ জন তীর্থযাত্রী তিব্বতের একটি অভিবাসন কেন্দ্রে ছিলেন।

কৈলাস তীর্থযাত্রা থেকে ফেরার পথে সেখানে তাঁদের দলটি কিছুক্ষণের জন্য থেমেছিল। সেই সময় আচমকা বন্যার জল ওই ভবনের ভিতরে ঢুকে পড়ে।চীনা কর্তৃপক্ষের কাছে পাঠানো আবেদনে সদগুরু জানান, দলের সদস্যদের নিখোঁজ হওয়ার পর থেকে তাঁদের সম্পর্কে আর কোনও তথ্য পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে তিনি এবং নিখোঁজ তীর্থযাত্রীদের পরিবারের সদস্যরা জিরং যাওয়ার অনুমতি চেয়েছেন।সদগুরু বলেন, তাঁদের একমাত্র উদ্দেশ্য নিখোঁজদের সন্ধানে সহায়তা করা এবং পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানো। উদ্ধারকাজে নিয়োজিত কর্তৃপক্ষের কাজে কোনওভাবেই বাধা সৃষ্টি করতে চান না তাঁরা। বরং অনুসন্ধানে এমন কোনও সূত্র বা চিহ্ন পাওয়া যায় কি না, যা নিখোঁজ তীর্থযাত্রীদের পরিবারের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দিতে পারে, সেই চেষ্টাই করতে চান।ভয়াবহ বন্যার পর এখনও নিখোঁজ তীর্থযাত্রীদের কোনও সন্ধান না মেলায় উদ্বেগ আরও বাড়ছে। তাঁদের নিরাপদে উদ্ধারের আশায় পরিবার ও পরিজনদের অপেক্ষা অব্যাহত রয়েছে।