মৎস্যচাষে নতুন দিশা, BENJHARCO-র সঙ্গে মউ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের
নিজস্ব সংবাদদাতা: মৎস্যবিজ্ঞানের গবেষণা, আধুনিক মৎস্যচাষের প্রসার এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগ এবং বেঙ্গল ঝাড়খণ্ড ফিশারিজ ডেভেলপমেন্ট কো-অপারেটিভ লিমিটেড (BENJHARCO)-এর মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। ১২ অক্টোবর ২০২৬ তারিখে এই সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে শিক্ষা ও মৎস্যশিল্পের মধ্যে সহযোগিতার নতুন পথ খুলল।এই সমঝোতার মূল লক্ষ্য যৌথ গবেষণা, শিক্ষার্থীদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি, মৎস্যক্ষেত্রে নতুন উদ্যোক্তা তৈরি এবং মৎস্যজীবীদের টেকসই জীবিকার সুযোগ সম্প্রসারণ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সঙ্গে বাস্তব ক্ষেত্রের অভিজ্ঞতার সংযোগ ঘটিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও উপযুক্ত করে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।সমঝোতা অনুযায়ী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা BENJHARCO-র সহযোগিতায় বিভিন্ন মৎস্য প্রকল্পে মাঠপর্যায়ের কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি, সংশ্লিষ্ট প্রকল্পের পরিকাঠামো ব্যবহারের সুযোগ, শিক্ষানবিশি এবং প্রশিক্ষণের ব্যবস্থাও এই উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।শুধু পাঠ্যক্রমভিত্তিক শিক্ষা নয়, বাস্তব ক্ষেত্রে মৎস্যচাষের পদ্ধতি, প্রকল্প পরিচালনা এবং সংশ্লিষ্ট প্রযুক্তি সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পড়াশোনা শেষ করার পর কর্মসংস্থান এবং নিজস্ব উদ্যোগ বা ব্যবসা শুরু করার ক্ষেত্রেও সহযোগিতার কথা এই সমঝোতায় উল্লেখ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর এবং বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক ড. জয়ন্ত কিশোর নন্দী। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তরের পশ্চিমাঞ্চল, মেদিনীপুরের উপ-পরিচালক ড. কিরণলাল দাস, মৎস্য দপ্তরের প্রাক্তন অতিরিক্ত পরিচালক তথা বিশ্ববিদ্যালয়ের মৎস্যবিজ্ঞান বিভাগের প্রফেসর অফ প্র্যাকটিস ড. উৎপল কুমার সর এবং বিভাগের অন্যান্য অধ্যাপকরা।বিশ্ববিদ্যালয় ও মৎস্যক্ষেত্রে কর্মরত সংস্থার এই যৌথ উদ্যোগের ফলে মেদিনীপুর-সহ পার্শ্ববর্তী অঞ্চলে আধুনিক মৎস্যচাষের প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি এবং মৎস্যজীবীদের টেকসই জীবিকার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।