শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক!

শিক্ষক দিবসের খাবার ঘিরে ধুন্ধুমার জলপাইগুড়ি জেলা স্কুলে, ছাত্রদের ধাক্কায় রক্তাক্ত প্রধান শিক্ষক!

অভিজিৎ সাহা : শিক্ষক দিবস উপলক্ষে স্কুলে বিশেষ খাবারের আয়োজন। আর সেই খাবার ঘিরেই আচমকা উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। অভিযোগ, একদল ছাত্রের ধাক্কায় মাটিতে পড়ে গুরুতর আহত হলেন জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুই। মাথায় আঘাত লেগে রক্তাক্ত হন তিনি। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধান শিক্ষককে সামনে দৌড়তে এবং তাঁর পিছনে একদল ছাত্রকে ছুটতে। আচমকাই পিছন থেকে তাঁকে সজোরে ধাক্কা দেওয়া হয়। ধাক্কার জেরে মাটিতে আছড়ে পড়েন প্রধান শিক্ষক। পরে কয়েকজন শিক্ষক দ্রুত ছুটে এসে তাঁকে তুলে নিয়ে যান। সেই সময় তাঁর মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়।জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে শিক্ষক দিবসের বিশেষ খাবার পরিবেশনকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। অভিযোগ, খাবার পরিবেশনের জায়গায় কয়েকজন ছাত্র ঢুকে পড়লে প্রধান শিক্ষক তাঁদের বাধা দেন। ছাত্রদের একাংশের পাল্টা অভিযোগ, সেই সময় কয়েকজন ছাত্রকে মারধর করেন প্রধান শিক্ষক। ঘটনায় কয়েকজন ছাত্র আহত হয়েছে বলেও দাবি করা হয়েছে।এরপরই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ছাত্রদের একাংশ পাল্টা প্রধান শিক্ষকের দিকে তেড়ে যায়। তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি মারধরের অভিযোগও উঠেছে। একই সময়ে স্কুল চত্বরে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা গিয়েছে।ঘটনার জেরে স্কুলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।হঠাৎ করে কীভাবে একটি খাবার পরিবেশনকে কেন্দ্র করে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা নিয়ে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের মধ্যেও প্রশ্ন তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন ঘটনায় স্কুলের স্বাভাবিক পরিবেশ এবং পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।ঘটনায় প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইয়ের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুরো ঘটনার নেপথ্যে কী হয়েছিল এবং কার কী ভূমিকা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।