নিজস্ব সংবাদদাতা : মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা Oracle-এ শুরু হয়েছে বড়সড় কর্মী ছাঁটাই। এক ধাক্কায় ভারতে প্রায় ১২ হাজার কর্মী কাজ হারিয়েছেন বলে একাধিক সূত্রে জানা গিয়েছে। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে এই ছাঁটাইয়ের সংখ্যা ইতিমধ্যেই ৩০ হাজারের কাছাকাছি পৌঁছেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, আগামী এক মাসের মধ্যেই আরও দ্বিতীয় দফার গণ-ছাঁটাই হতে পারে, যা কর্মীদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।সূত্রের খবর, ভারতে Oracle-এর মোট কর্মী সংখ্যা ছিল প্রায় ৩০ হাজার। সেই হিসেবে এক লহমায় সংস্থার প্রায় ৪০ শতাংশ কর্মী চাকরি হারালেন। বিশেষ করে ক্লাউড, কম্পিউটিং ও সাপোর্ট টিমের একাধিক বিভাগে এই কোপ পড়েছে বলে জানা যাচ্ছে। কর্মীদের অনেকেই ভোরবেলা ৬টার ইমেলে চাকরি চলে যাওয়ার খবর পান, যা নিয়ে আইটি মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।যদিও এই বিষয়ে Oracle কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি। তবে কর্মীদের পাঠানো ইমেলে সংস্থা জানিয়েছে, সংগঠনে পুনর্গঠন ও কার্যক্রম আরও সংক্ষিপ্ত করার জন্য কিছু পদ বিলুপ্ত করা হচ্ছে। এর জেরেই বহু পদ এখন ‘রিডানড্যান্ট’ বা অপ্রয়োজনীয় হয়ে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।ছাঁটাই হওয়া কর্মীদের জন্য ক্ষতিপূরণের প্রস্তাবও দিয়েছে Oracle। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে এক বছর বা তার বেশি সময় কর্মরতদের প্রতি সম্পূর্ণ বছরের জন্য ১৫ দিনের বেতন, সঙ্গে এক মাসের বকেয়া বেতন, লিভ এনক্যাশমেন্ট, গ্র্যাচুইটি এবং এক মাসের নোটিশ পিরিয়ডের বেতন দেওয়া হবে। এর পাশাপাশি অতিরিক্ত দু’মাসের ‘টপ-আপ’ বেতনও প্রস্তাব করা হয়েছে। তবে এই প্যাকেজ পেতে কর্মীদের স্বেচ্ছায় ও শান্তিপূর্ণভাবে পদত্যাগপত্রে সই করতে হবে।বিশেষজ্ঞদের মতে, AI অবকাঠামোয় বিপুল বিনিয়োগ এবং ক্লাউড ব্যবসায় নতুন ফোকাসের জন্যই Oracle এই আগ্রাসী পুনর্গঠনের পথে হাঁটছে। ফলে আগামী কয়েক সপ্তাহে আরও ছাঁটাইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্বজুড়ে টেক সেক্টরে AI-কেন্দ্রিক পুনর্বিন্যাসের ঢেউয়ের মধ্যে Oracle-এর এই সিদ্ধান্ত আইটি কর্মীদের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
Oracle ভয়াবহ ছাঁটাই, ভারতে এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই! আরও এক দফা কোপের আশঙ্কা!