পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসনের তরফে প্রকাশিত এসআইআর (SIR) ফাইনাল ভোটার তালিকায় একাধিক জীবিত ভোটারের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।এই প্রসঙ্গে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তিনি নির্বাচন কমিশন ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানান। তাঁর অভিযোগ, চূড়ান্ত ভোটার তালিকা থেকে বহু প্রকৃত বা জেনুইন ভোটারের নাম মুছে ফেলা হয়েছে, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক।সাংবাদিক বৈঠকে কটাক্ষ করে সুজয় হাজরা বলেন,“এটা নির্বাচন কমিশন নয়, নির্যাতন কমিশন। আর জ্ঞানেশ নয়, ভ্যানিশ কুমারের শিকার হচ্ছেন সাধারণ ভোটাররা।”বিধায়কের দাবি, ২৩৬ নম্বর মেদিনীপুর বিধানসভা এলাকায় বহু ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

তাঁর অভিযোগ, এই তালিকায় তৃণমূল কংগ্রেসের বহু কর্মী ও সমর্থকের নামও রয়েছে। এমনকি কোথাও পরিবারের বাবার নাম মুছে ফেলা হয়েছে, আবার কোথাও ছেলে ও বৌমার নামও তালিকা থেকে উধাও হয়ে গেছে বলে তিনি দাবি করেন। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে উল্লেখ করেন তিনি।ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল ধর্নায় বসবেন বলেও জানান সুজয় হাজরা। পাশাপাশি তাঁর দাবি, সাধারণ মানুষ আগামী ২৬ তারিখের নির্বাচনে বিজেপিকে উপযুক্ত জবাব দেবে।সব মিলিয়ে মেদিনীপুরে ভোটার তালিকা ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে এবং বিষয়টি নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।