Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে শিক্ষার নতুন দিগন্ত — ‘যোগ্যশ্রী’ প্রকল্পে শুরু বিনামূল্যে নিট ও জয়েন্ট কোচিং!

1 min read

অভিজিৎ সাহা : গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের বড় স্বপ্নপূরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডের গৌরব গুইন মেমোরিয়াল কলেজে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘যোগ্যশ্রী’ প্রকল্পের অধীনে নিট ও জয়েন্ট এন্ট্রান্সের বিনামূল্যে কোচিং। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির উদ্বোধনে উপস্থিত ছিলেন জেলা ও ব্লকের প্রতিনিধিরা। পাশাপাশি সারদাময়ী উচ্চ বিদ্যালয় ও ডাবচা নবকোলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দেয়।

প্রায় শতাধিক ছাত্রছাত্রীর অংশগ্রহণে শুরু হয় নতুন শিক্ষাযাত্রা।রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দফতরের এই উদ্যোগে জেনারেল, ওবিসি, সংখ্যালঘু, তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়ারা ২০২৭ সালের জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবে।

প্রশিক্ষণার্থীদের জন্য মাসিক ৩০০ টাকার স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে।রাজ্যজুড়ে প্রায় ৫ হাজার পড়ুয়াকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলে জানা গেছে। সপ্তাহে শনি ও রবিবার চার ঘণ্টা করে ক্লাস, বাংলা ও ইংরেজি স্টাডি মেটেরিয়াল, নিয়মিত মক টেস্ট এবং বিশেষজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে চলবে প্রশিক্ষণ। একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের নির্দিষ্ট নম্বরপ্রাপ্ত পড়ুয়ারা আবেদন করতে পারবে।উদ্বোধনের দিন থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে চোখে পড়ার মতো উৎসাহ দেখা যায়। অনেকের মতে, এই উদ্যোগ গ্রামীণ পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নকে বাস্তবের কাছাকাছি পৌঁছে দেবে।

Latest