অভিজিৎ সাহা: গড়বেতার সাংস্কৃতিক অঙ্গনে শনিবার এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকলেন শহরবাসী। নৃত্যাঞ্জলী নৃত্য শিক্ষালয় আয়োজিত ‘বসন্ত উৎসব ২০২৬’ এ বছর দশম বর্ষে পদার্পণ করল। গড়বেতা হাই স্কুল ময়দানে বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান রঙিন পরিবেশনা ও উৎসবের আবহে প্রাণ পায়।অনুষ্ঠানের উদ্বোধন করেন গড়বেতা থানার ওসি চঞ্চল সিংহ। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয় উৎসবের। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব, অভিভাবক ও অসংখ্য সংস্কৃতিপ্রেমী দর্শক।উদ্বোধনী ভাষণে চঞ্চল সিংহ বলেন, “এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সমাজকে ইতিবাচক শক্তি দেয়। শিশু ও কিশোরদের প্রতিভা বিকাশে নৃত্যাঞ্জলীর প্রচেষ্টা প্রশংসার যোগ্য। ভবিষ্যতে এই আয়োজন আরও বড় পরিসরে পৌঁছবে বলেই আশা করি।”

নৃত্যাঞ্জলী নৃত্য শিক্ষালয়ের কর্ণধার সোমা কুণ্ডু জানান, “এক দশক আগে অল্প পরিসরে যাত্রা শুরু করেছিলাম। আজ গড়বেতার মানুষের ভালোবাসায় আমাদের বসন্ত উৎসব দশ বছরে পৌঁছেছে। ছাত্রছাত্রীদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতাই আমাদের এগিয়ে চলার শক্তি। আগামী দিনে আরও বৃহৎ আকারে এই উৎসবকে তুলে ধরাই আমাদের লক্ষ্য।”সন্ধ্যা জুড়ে ছোট থেকে বড়—শিক্ষালয়ের ছাত্রছাত্রীরা রবীন্দ্রনৃত্য, লোকনৃত্য ও আধুনিক নৃত্যের মনোমুগ্ধকর পরিবেশনায় বসন্তের রঙ, আবেগ ও ঐতিহ্যকে জীবন্ত করে তোলে। দর্শকদের করতালিতে বারবার মুখরিত হয়ে ওঠে গড়বেতা হাই স্কুল ময়দান।
রঙিন আলোকসজ্জা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় গোটা অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবের আমেজ। দশ বছরে পা দিয়ে ‘বসন্ত উৎসব’ এখন গড়বেতার সাংস্কৃতিক ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়—যা প্রতি বছরই নতুন উদ্দীপনা ও প্রত্যাশা নিয়ে ফিরে আসে।