নিজস্ব সংবাদদাতা : ১০ই ফেব্রুয়ারি মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ও ডেবরাসুপার স্পেশালিটি হাসপাতালে বিকেলের আউটডোর বা ইভনিং ওপিডি চালু হল। বেলা ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আউটডোর পরিষেবা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যদপ্তর। লোকবল কম থাকায় আপাতত শুধু দু'টি হাসপাতালে এই পরিষেবা চালু হল। পরে জেলার বাকি হাসপাতালেও এই পরিষেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্যদপ্তর জানিয়েছে, রাজ্যের বিপুল সংখ্যক সুপার স্পেশালিটি, স্টেট জেনারেল, জেলা ও মহকুমা হাসপাতালে এই পরিষেবা চালু হতে চলেছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর ষড়ঙ্গী বলেন, জেলায় বিকেলের আউটডোর চালু হল। যাঁরা সারাদিন মাঠে কাজ বা দিনমজুরি করেন, এই পরিষেবা চালু হওয়ায় তাঁরা উপকৃত হবেন। সাধারণ মানুষকে আরও উন্নতমানের পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। ডেবরার বাসিন্দা স্বপন মণ্ডল বলেন, অনেকেই কর্মক্ষেত্রে ছুটি নিতে পারেন না। চাষিরাও সারাদিন কাজ করে বিকেলে হাতে কিছু সময় পান। তাই বিকেলে ওপিডি চালু হওয়ায় তাঁরা উপকৃত হবেন।