অভিজিৎ সাহা : দীর্ঘদিনের জল্পনা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ২৩৩-গড়বেতা বিধানসভা কেন্দ্রের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত চতুর্থ তালিকায় এই আসনের জন্য প্রদীপ লোধার নাম ঘোষণা করা হয়েছে।
এই ঘোষণার পর থেকেই গড়বেতার রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চর্চা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তরা সিংহ হাজরার বিরুদ্ধে লড়াইয়ে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রদীপ লোধা।

তিনি দাবি করেছেন, “গড়বেতার মানুষ পরিবর্তন চান, তাই এই লড়াইয়ে আমরা আত্মবিশ্বাসী।”গত কয়েক সপ্তাহ ধরেই বিজেপির প্রার্থী কে হবেন তা নিয়ে জোর জল্পনা চলছিল। একাধিক নাম সামনে এলেও শেষ পর্যন্ত দলের শীর্ষ নেতৃত্ব প্রদীপ লোধার ওপরই ভরসা রাখে। স্থানীয় বিজেপি কর্মীদের মতে, এই প্রার্থী ঘোষণার ফলে গড়বেতায় লড়াই আরও কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।অন্যদিকে, তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই কেন্দ্রে উত্তরা সিংহ হাজরা আগেই সংগঠনকে মজবুত করে তুলেছেন। ফলে আসন্ন নির্বাচনে গড়বেতা বিধানসভা কেন্দ্র হয়ে উঠতে চলেছে এক হাইভোল্টেজ রাজনৈতিক মঞ্চ।এখন নজর একটাই—তৃণমূলের উত্তরা সিংহ হাজরা বনাম বিজেপির প্রদীপ লোধার এই সরাসরি লড়াইয়ে শেষ হাসি হাসবেন কে, তা নির্ধারণ করবে গড়বেতার ভোটাররাই।