Skip to content

কেশপুরে অভিষেকের হুঙ্কার: ‘২০২৬-এ বিজেপির শেষপুর’, শিউলি সাহাকে ১ লক্ষে জেতানোর ডাক

সেখ ওয়ারেশ আলী : রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের কেশপুর বিধানসভার আনন্দপুর হাইস্কুল মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে আয়োজিত জনসভায় যোগ দেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee। সভামঞ্চ থেকে তিনি কেশপুরের মানুষকে সরাসরি আহ্বান জানান, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থীকে এক লক্ষেরও বেশি ভোটে জয়ী করতে হবে

ভাষণের শুরুতেই ২০২৪ সালের নির্বাচনের প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, “আপনারাই দেবকে জিতিয়েছিলেন। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম উন্নয়নের কাজ করব, আর সেই প্রতিশ্রুতি আমরা রেখেছি।” উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূলকে সমর্থনের আবেদন জানান তিনি।এদিন কেশপুরের রাজনৈতিক ইতিহাসও স্মরণ করিয়ে দেন অভিষেক। তিনি বলেন, এক সময় মুখ্যমন্ত্রী Mamata Banerjee স্লোগান দিয়েছিলেন— “কেশপুর হবে সিপিএমের শেষপুর”, এবং সেই বার্তাকে বাস্তবে রূপ দেওয়া হয়েছিল। সেই সূত্র ধরেই তাঁর নতুন রাজনৈতিক বার্তা, “২০২৬ সালে কেশপুর হবে বিজেপির শেষপুর।”

বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক দাবি করেন, ২০২৬ সালের নির্বাচনের আগেই বাংলার মানুষ আবারও রাজনৈতিক দিশা স্পষ্ট করে দেবে এবং চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবে ‘মা-মাটি-মানুষের সরকার’। একই সঙ্গে সভামঞ্চ থেকেই শিউলি সাহার জয়ের লক্ষ্য বেঁধে দিয়ে তিনি বলেন, ব্যবধান যেন এক লক্ষ ভোটের নিচে না নামে

ভোটের দিনকে সামনে রেখে কর্মী-সমর্থকদের উদ্দেশে কৌশলগত বার্তাও দেন তিনি। অভিষেকের কথায়, “ভোটের সময় বিজেপি টাকা দিলে তা নিয়ে নিন, কিন্তু ভোট দিন জোড়া ফুলে।” তাঁর এই মন্তব্যে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।সভা শেষে তিনি আরও জানান, আগামী ৪ তারিখ ভোটগ্রহণের দিন ফল ঘোষণার পর রবীন্দ্রসংগীতের সঙ্গে ডিজের তালে উদযাপন হবে জয়ের উৎসব। সব মিলিয়ে কেশপুরের জনসভা থেকে তৃণমূলের পক্ষে জোরালো রাজনৈতিক বার্তা দিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা নির্বাচনের আগে জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল।

Latest