Skip to content

ভোটের আগেই পশ্চিম মেদিনীপুরে কেন্দ্রীয় বাহিনী, খড়গপুরে রুট মার্চে বাড়ছে নির্বাচনী তৎপরতা!

নিজস্ব সংবাদদাতা : রাজ্যে বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক নির্ঘণ্ট ঘোষণার আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছে গেল কেন্দ্রীয় বাহিনী। সোমবার দুপুরে খড়গপুর রেলস্টেশনে বিশেষ ট্রেনে করে এসে পৌঁছান বাহিনীর জওয়ানরা। নির্বাচনকে সামনে রেখে জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়াতেই প্রশাসনের এই আগাম প্রস্তুতি বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর, জেলায় মোট ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা রয়েছে।

এর মধ্যে ইতিমধ্যেই ৭টি কোম্পানি পশ্চিম মেদিনীপুরে এসে পৌঁছেছে। সোমবার খড়গপুর স্টেশনে নামার পর জেলা পুলিশের উদ্যোগে বাস, ট্রাক ও পিক-আপ ভ্যানে করে জওয়ানদের বিভিন্ন থানা ও নির্দিষ্ট ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়।বুধবার খড়গপুরের নিমপুরা ফাঁড়ি এলাকায় কেন্দ্রীয় বাহিনীর একটি কোম্পানিকে রুট মার্চ করতে দেখা যায়। শুধু মূল সড়ক নয়, এলাকার বিভিন্ন গলি এবং সংবেদনশীল বুথ এলাকাতেও নজরদারি চালান জওয়ানরা। রুট মার্চের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন বাহিনীর সদস্যরা।

এলাকায় কোনও আইন-শৃঙ্খলার সমস্যা রয়েছে কি না, অথবা ভোটকে কেন্দ্র করে কোনও ধরনের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আছে কি না—সেসব বিষয়েও মানুষের মতামত শোনেন তাঁরা।জেলা পুলিশের সঙ্গে সমন্বয় রেখেই কেন্দ্রীয় বাহিনী কাজ শুরু করেছে। শহর ও গ্রাম—উভয় এলাকাতেই নিয়মিত টহলদারি চালানো হবে বলে জানা গেছে। বিশেষ করে যেসব এলাকাকে ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, সেখানে নজরদারি আরও জোরদার করা হবে।প্রশাসনের লক্ষ্য, আসন্ন নির্বাচনে সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে পারেন, তা নিশ্চিত করা। গত কয়েক দিন ধরেই খড়গপুরের বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনীর কুচকাওয়াজ ও টহলদারি দেখা যাচ্ছে, যা ঘিরে ইতিমধ্যেই এলাকায় নির্বাচনের আমেজ তৈরি হয়েছে।

Latest