Skip to content

বিদ্যুতের খুঁটিতে বেঁধে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর! আবারও খড়্গপুর গ্রামীণে ‘মব জাস্টিস’

1 min read

অভিজিৎ সাহা: খড়্গপুর গ্রামীণে ফের চাঞ্চল্যকর ঘটনা। তরুণ ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দের মৃত্যুর রেশ কাটতে না কাটতেই চোর সন্দেহে এক মানসিক ভারসাম্যহীন যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধরের অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে পলশা গ্রাম পঞ্চায়েতের পাঁচপাড়া এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, সবং ব্লকের ওই যুবক সোমবার রাত সাড়ে ন’টা নাগাদ ভুলবশত পাঁচপাড়া গ্রামে ঢুকে পড়েন। অভিযোগ, স্থানীয় কয়েকজন তাঁকে চোর সন্দেহে আটক করে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রাখে এবং মারধর শুরু করে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আক্রান্ত যুবক বারবার অনুরোধ করলেও দীর্ঘক্ষণ তাঁকে খুঁটিতে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে সীমন্ত মিশ্র ও শ্রীকান্ত মিশ্র নামে দুই অভিযুক্তকে ২৪শে ফেব্রুয়ারি মঙ্গলবার  গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।উল্লেখ্য, গত ৮ জানুয়ারি কেশিয়াড়ির গিলাগেড়িয়ার বাসিন্দা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সৌম্যদীপ চন্দকেও বহিরাগত সন্দেহে মারধর করা হয়। ১২ দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর তাঁর মৃত্যু হয়। সেই ঘটনার পরও ফের একই ধরনের অভিযোগ উঠায় এলাকায় উদ্বেগ বাড়ছে।জেলা পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “গুজবের বিরুদ্ধে ধারাবাহিক প্রচার চালাচ্ছে পুলিশ। সাধারণ মানুষকে আরও সচেতন হতে হবে। জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের এগিয়ে আসা জরুরি।”আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ ও জনসচেতনতা— দু’টিই এখন সময়ের দাবি।

Latest