খড়্গপুর শহরে গ্রীন একাডেমি : ৩০ রানে জয়, চ্যাম্পিয়ন ওয়ার্ড ১২ — সুভাষপল্লীর মাঠে ক্রিকেট উন্মাদনা!

খড়্গপুর শহরে গ্রীন একাডেমি : ৩০ রানে জয়, চ্যাম্পিয়ন ওয়ার্ড ১২ — সুভাষপল্লীর মাঠে ক্রিকেট উন্মাদনা!

অরিন্দম চক্রবর্তী: খড়্গপুরের সুভাষপল্লী বি.এন.আর ময়দান সাক্ষী থাকল জমজমাট ফাইনালের। গ্রীণ একাডেমী ক্লাব-এর পরিচালনায় আয়োজিত ২০২৬ চ্যাম্পিয়ন ট্রফি নকআউট ক্রিকেট টুর্নামেন্টে এবছর সেরার মুকুট উঠল ১২ নম্বর ওয়ার্ডের ‘৩২ ক্রিকেট দল’-এর মাথায়।ফাইনালে মুখোমুখি হয় ১২ নম্বর ওয়ার্ড ও ২৪ নম্বর ওয়ার্ড।

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ১২ নম্বর ওয়ার্ড। নির্ধারিত ওভারে তারা তোলে ৭১ রান। জবাবে ২৪ নম্বর ওয়ার্ড সর্বশক্তি দিয়ে লড়াই করলেও ৪১ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস।

ফলত ৩০ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে চ্যাম্পিয়ন হয় ১২ নম্বর ওয়ার্ড।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ও কোচ, দেশের অন্যতম সেরা উইকেটরক্ষক নয়ন রামলাল মোঙ্গিয়া (Nayan Mongia)। তাঁর উপস্থিতি খেলোয়াড়দের উৎসাহ বাড়িয়ে দেয় বহুগুণ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালী, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, খড়গপুরের এসডিপিও ধীরজ ঠাকুর, আইসি পার্থ সারথী পাল, বিধায়ক আজিত মাইতি, পৌরসভার চেয়ারপারসন কল্যাণী ঘোষ, প্রাক্তন বিধায়ক ও গ্রীণ একাডেমি ক্লাবের সভাপতি প্রদীপ সরকার, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত,খড়গপুর টাউন মহিলা থানার আইসি প্রতিভা হালদার-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।

মাঠে ভিড় করেন হাজার হাজার দর্শক, যা প্রমাণ করে শহরে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা কতটা।ক্লাবের সভাপতি প্রদীপ সরকার জানান, খড়গপুর শহরে এই প্রতিযোগিতা এখন অত্যন্ত জনপ্রিয়।

বর্তমান প্রজন্মকে মাঠমুখী করা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতেই এই টুর্নামেন্টের আয়োজন।

তাঁর কথায়, “ক্রিকেট শুধু খেলা নয়, এটি শৃঙ্খলা ও ঐক্যের পাঠ দেয়”—আর সেই লক্ষ্য নিয়েই প্রতি বছর আরও বড় আকারে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।