সেখ ওয়ারেশ আলী : আবারও চিকিৎসায় গাফিলতির গুরুতর অভিযোগ উঠল মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতাল চত্বরে।পরিবার সূত্রে জানা যায়, কেশপুরের বাসিন্দা ৩১ বছর বয়সী মনিকা করণ গরাইকে গত ২০ ফেব্রুয়ারি ভোর সাড়ে চারটা নাগাদ মাতৃমা বিভাগে ভর্তি করা হয়। সকাল প্রায় দশটা নাগাদ তার স্বাভাবিক প্রসব হয় এবং একটি সন্তানের জন্ম দেন তিনি।

পরিবারের দাবি, সন্তান জন্মের পর মা ও নবজাতক—দুজনেই সুস্থ ছিলেন। তবে অভিযোগ, প্রসবের পর দায়িত্বে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সঠিকভাবে সেলাই না করায় ধীরে ধীরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। অবস্থার ক্রমশ অবনতি হতে থাকলেও সময়মতো যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। শেষপর্যন্ত রাত প্রায় আটটা নাগাদ ওই প্রসূতির মৃত্যু হয়। এই ঘটনায় শোক ও ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার-পরিজনরা। তারা হাসপাতাল সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পাশাপাশি কোতোয়ালি থানাতেও অভিযোগ জানানো হয়েছে।পরিবারের স্পষ্ট দাবি, সম্পূর্ণ চিকিৎসায় গাফিলতির কারণেই মনিকা করণ গরাইয়ের মৃত্যু হয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন তারা।