পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর থেকে দীঘা গামী একটি যাত্রীবাহী বাসের ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। আহত হয়েছেন একাধিক যাত্রী। শনিবার আমলাশুলি থেকে দীঘার উদ্দেশে রওনা দেওয়া ওই বাসটি খড়্গপুর লোকাল থানার অন্তর্গত শাকুয়া এলাকার চাঙ্গোয়ালের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়কে চলার সময় সামনে থাকা আরেকটি বাসকে ওভারটেক করার চেষ্টা করছিল দীঘাগামী বাসটি। ঠিক সেই সময় আচমকাই বাসের একটি টায়ার ফেটে যায়। মুহূর্তের মধ্যেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং রাস্তার উপর উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার তীব্রতায় বাসের ভিতরে থাকা যাত্রীরা ছিটকে পড়েন, তৈরি হয় চরম আতঙ্কের পরিস্থিতি। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয় বলে জানা গেছে। পাশাপাশি আহত হন বেশ কয়েকজন যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খড়্গপুর গ্রামীণ থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ১৬ নম্বর জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলে যান চলাচল। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে আচমকা এই দুর্ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।