নিজস্ব সংবাদদাতা : রবিবার, ১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে মেদিনীপুর জেলা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে সমগ্র জেলাজুড়ে পালিত হলো ব্যাপক জনসচেতনতামূলক কর্মসূচি। স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দিনভর নানা সামাজিক ও মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়।মেদিনীপুর সদর, খড়গপুর এবং ঘাটাল—এই তিন মহকুমার অন্তর্গত ২১টি ব্লক ও মেদিনীপুর এবং খড়গপুর পৌর এলাকাজুড়ে মোট ৫৬টি কর্মসূচি গ্রহণ করা হয়।

এর মধ্যে ছিল ৫টি রক্তদান শিবির, পদযাত্রা, পথসভা, সেমিনার, স্ট্রিট কর্নার সভা, বাড়ি বাড়ি সচেতনতামূলক প্রচারসহ একাধিক কর্মসূচি।ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অসীম ধর জানান, বিশ্ব রক্তদাতা দিবসের মূল লক্ষ্য হলো স্বেচ্ছায় ও নিয়মিত রক্তদানের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষ করে যুবসমাজকে এই মানবিক আন্দোলনের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করা।

তিনি বলেন, “সমাজের বিভিন্ন স্তরের সংগঠক ও রক্তদাতাদের ঐক্যবদ্ধ করে জেলা তথা রাজ্যের রক্তের চাহিদা শতভাগ পূরণ করাই আমাদের প্রধান লক্ষ্য।”ফোরামের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক আধিকারিকরা। সংগঠনের জেলা সভাপতি ডাঃ মঙ্গল প্রসাদ মল্লিক দিনভর কর্মসূচি সফল করার জন্য সকল স্বেচ্ছাসেবক ও রক্তযোদ্ধাদের অভিনন্দন জানান।

তিনি বলেন, “আমাদের সংগঠনের সদস্যরা সারা বছর ২৪ ঘণ্টা মানুষের সেবায় নিয়োজিত থাকেন। মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে এবং রক্তদানের আন্দোলনকে আরও বিস্তৃত করতে আমরা ভবিষ্যতেও একইভাবে কাজ করে যাব।”মানবসেবার এই মহতী উদ্যোগ বিশ্ব রক্তদাতা দিবসের তাৎপর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে।