সবংয়ে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তিন দিনের পূজা-পাঠ প্রশিক্ষণ শিবির!
অরিন্দম চক্রবর্তী : পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সবং ব্লক কমিটির উদ্যোগে তিন দিনব্যাপী আবাসিক পূজা-পাঠ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল সবং ব্লকের বড়চাহরা ৩ নম্বর অঞ্চলের নারায়ণ শাসমলের বাড়িতে। ২, ৩ ও ৪ অক্টোবর এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরের সূচনা হয় যোগাসন ও প্রাণায়ামের মাধ্যমে। যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের জ্যোতির্ময় চক্রবর্তী। এরপর বিভিন্ন পণ্ডিত ও প্রশিক্ষকদের মাধ্যমে গুরুকুলীয় পদ্ধতিতে বেদপাঠ, দুর্গাপূজার পদ্ধতি, চণ্ডীপাঠ, সংস্কৃত শিক্ষা, সন্ধ্যাবন্দনা এবং দৈনন্দিন পূজা-পাঠের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়।

শিবিরে অংশ নেন ব্রাহ্মণ সম্প্রদায়ের বালক ও যুবকেরা। প্রশিক্ষণের মাধ্যমে পূজা-পাঠ ও যজন-যাজন প্রক্রিয়ার মান আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন সংগঠনের সবং ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী এবং ব্লক সম্পাদক চণ্ডীচরণ মিশ্র। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবংয়ের বিধায়ক অমল পণ্ডা, সংগঠনের রাজ্য সভাপতি গোপাল চক্রবর্তী, রাজ্য কোষাধ্যক্ষ প্রসেনজিৎ রায়-সহ রাজ্য ও ব্লক কমিটির সদস্যরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে পূজা-পাঠ ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পর্কে তরুণ প্রজন্মকে প্রশিক্ষিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।