জম্মুতে দুর্ঘটনায় মৃত্যু পটাশপুরের পর্যটকের,পরিবারের পাশে প্রশাসন

জম্মুতে দুর্ঘটনায় মৃত্যু পটাশপুরের পর্যটকের,পরিবারের পাশে প্রশাসন
ছবি: সমাজ মাধ্যম থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা: জম্মু-কাশ্মীরে বেড়াতে গিয়ে মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এক মহিলা। মৃতার নাম যমুনা ঠাকুর (৪৯)। তিনি পটাশপুর-২ ব্লকের খাড় অঞ্চলের বহড়দা গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জন বর্তমানে জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।প্রশাসন ও স্থানীয় সূত্রে খবর, গত ১৯ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুরের জাহালদা থেকে একটি বাসে করে মোট ৬৫ জন পর্যটক জম্মু-কাশ্মীরের উদ্দেশে রওনা হন। তাঁদের অধিকাংশই এগরা মহকুমা এলাকার বাসিন্দা ছিলেন।ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে গত শনিবার ভোররাত প্রায় ৩টে নাগাদ জম্মুর রামবান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরে সজোরে ধাক্কা মারে বাসটি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্রেক ফেল করার কারণেই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে বাসের প্রায় সমস্ত যাত্রীই কমবেশি আহত হন।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা যমুনা ঠাকুরকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর পৌঁছতেই পূর্ব মেদিনীপুরের বহড়দা গ্রামে শোকের ছায়া নেমে আসে।রবিবার মৃতার বাড়িতে যান পটাশপুর-২ ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা।এদিকে, জম্মু থেকে সড়কপথে মৃতদেহ পূর্ব মেদিনীপুরে ফিরিয়ে আনতে প্রায় চার দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে। দীর্ঘ সময়ে দেহে পচন ধরার আশঙ্কা থাকায় পরিবারের সম্মতিতে জম্মুতেই যমুনা ঠাকুরের শেষকৃত্য সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এগরার মহকুমাশাসক করমবীর কেশব জানান, শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য মৃতার পরিবারের চার সদস্যকে শিয়ালদহ থেকে হামসফর এক্সপ্রেসের ৩-টায়ার এসি কোচে জম্মু পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। তাঁদের যাতায়াত এবং শেষকৃত্য সংক্রান্ত সমস্ত খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে।প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ আহত যাত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহত ১২ জন যাত্রীর বাড়ি ফেরার জন্য হিমগিরি এক্সপ্রেসে টিকিট বুক করা হয়েছে। অন্যদিকে, এখনও জম্মুতে আটকে থাকা বাকি পর্যটকদের একটি রিজার্ভ বাসে করে বাড়ি ফেরানোর প্রক্রিয়া চলছে।এই মর্মান্তিক দুর্ঘটনায় একদিকে যেমন প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুরের এক পর্যটক, তেমনই বহু মানুষের আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পর্যটক মহলে।

\\\\\\\\n\\\\\\\\n\\\\\\\\n\\\\n\\\\n\\n\\n\n\n