Skip to content

পশ্চিম মেদিনীপুরে রুট মার্চের মাঝে আদিবাসী বাড়িতে ঢুকে জল খেলেন এসপি পাপিয়াসুলতানা, কেশিয়াড়িতে মানবিকতার নজির!

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুরে নির্বাচনী নিরাপত্তা পর্বের মধ্যেও মানবিকতার এক অনন্য ছবি ধরা পড়ল। রুট মার্চ চলাকালীন জেলার পুলিশ সুপার পাপিয়া সুলতানা কেশিয়াড়ির সিংপুর গ্রামের এক আদিবাসী বাড়িতে ঢুকে এক গ্লাস জল চেয়ে পান করেন। খাঁকি উর্দির কঠোরতার আড়ালেও এই ছোট্ট আন্তরিক মুহূর্ত যেন তুলে ধরল— মানুষের সেবাই পুলিশের সর্বোচ্চ ধর্ম। সিংপুর গ্রামের মানুষ এই ঘটনায় পুলিশ সুপারের মধ্যে এক জননীসুলভ মমতার ছোঁয়া অনুভব করেছেন।নির্বাচনকে সামনে রেখে হাতিগেড়িয়া বাসস্ট্যান্ড, স্থানীয় হাট এবং সিংপুর-সহ আদিবাসী অধ্যুষিত একাধিক এলাকায় পুলিশ ও আধা-সেনার যৌথ বাহিনী পায়ে হেঁটে টহল দেয়।

রুট মার্চের লক্ষ্য ছিল শুধু নিরাপত্তা জোরদার করা নয়, সাধারণ মানুষের মনে আস্থা ও ভরসার পরিবেশ তৈরি করাও।এদিন জনসংযোগেও বিশেষ গুরুত্ব দেন পুলিশ সুপার। হাতিগেড়িয়া হাটে স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা শোনেন এবং নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেন। পাশাপাশি পথচলতি বাইক আরোহীদের হেলমেট পরে চলার পরামর্শ দেন এবং ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।সিংপুর এলাকাতেও তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগের বার্তা দেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা, সচেতনতা এবং আস্থার পরিবেশ তৈরি করাই এই বিশেষ অভিযানের মূল উদ্দেশ্য।মানবিক আচরণ ও কঠোর নিরাপত্তা— দুইয়ের মেলবন্ধনে এদিন কেশিয়াড়ির রুট মার্চে উঠে এল পুলিশের এক অন্যরকম মুখ।

Latest