মানুষকে নির্বাসন দেওয়া যায়, লেখাকে নয়! তসলিমার কলকাতা-ভাষণ এবার স্কুলের প্রশ্নপত্রে

মানুষকে নির্বাসন দেওয়া যায়, লেখাকে নয়! তসলিমার কলকাতা-ভাষণ এবার স্কুলের প্রশ্নপত্রে
সমাজ মাধ্যম থেকে নেওয়া।

নিজস্ব সংবাদদাতা: যে লেখিকাকে একদিন কলকাতা ছাড়তে বাধ্য হতে হয়েছিল, তাঁরই কলকাতায় ফিরে দেওয়া ভাষণ এবার জায়গা করে নিল সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে। শুধু জায়গা করে নেওয়াই নয়, সেই ভাষণকে কেন্দ্র করেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন।সাউথ পয়েন্ট স্কুলের এবারের মিডটার্ম পরীক্ষায় বাংলা বিষয়ের প্রশ্নপত্রে তসলিমা নাসরিনের কলকাতায় ফিরে এসে দেওয়া বক্তব্যটি তুলে ধরা হয়েছে। শিক্ষার্থীদের সামনে রাখা হয়েছে তাঁর বক্তব্যের একটি পূর্ণাঙ্গ অংশ। এরপর সেই বক্তব্যের বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে—লেখিকা কী বলতে চেয়েছেন, তাঁর বক্তব্যের তাৎপর্য কী, কোন কথার মধ্যে কী ভাবনা প্রকাশ পেয়েছে—এমন নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে পড়ুয়াদের। প্রশ্নগুলির জন্য নির্দিষ্ট নম্বরও রাখা হয়েছে।ঘটনার তাৎপর্য এখানেই শেষ নয়। প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে রবীন্দ্র সদনের অনুষ্ঠানে নিজের নির্বাসনজীবন, কলকাতা থেকে বিচ্ছিন্ন থাকার কষ্ট এবং শহরের সঙ্গে তাঁর আবেগের সম্পর্কের কথা বলেছিলেন তসলিমা। সেই বক্তব্যই এবার হয়ে উঠেছে স্কুলের বাংলা পরীক্ষার পাঠ্য।বিষয়টি প্রকাশ্যে আসতেই উচ্ছ্বসিত তসলিমা নাসরিন। সোশ্যাল মিডিয়ায় তিনি ঘটনাটিকে ‘মজার কাণ্ড’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সমাজ মাধ্যমে লেখেন-"মজার কাণ্ড!এতদিন শুনেছি আমাকে দেশ থেকে বের করে দিতে হবে, শহর থেকে বের করে দিতে হবে, আমার বই নিষিদ্ধ করতে হবে, আমার লেখা পড়া যাবে না। এবার দেখি আমি দিব্যি দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে ঢুকে পড়েছি! (প্রশ্নপত্রে পুরো ভাষণ নয়, ভাষণের একটি ছোট অংশ নেওয়া হয়েছে। )সবচেয়ে মজার ব্যাপার, যে কলকাতা থেকে আমাকে একদিন চলে যেতে বাধ্য করা হয়েছিল, সেই কলকাতায় আমার ফিরে আসার কথাই আজ পরীক্ষার গদ্যাংশ।জীবন মাঝে মাঝে বেশ রসিক।মানুষকে নির্বাসিত করা যায়, লেখাকে বোধহয় অত সহজে নির্বাসিত করা যায় না"। তাঁর বক্তব্যের মধ্যে ফুটে উঠেছে এক গভীর পরিহাস—যে শহর থেকে তাঁকে একদিন চলে যেতে হয়েছিল, সেই শহরেই ফিরে এসে দেওয়া তাঁর বক্তব্য আজ স্কুলের পরীক্ষার বিষয়।একসময় তাঁর বই নিষিদ্ধ করার দাবি উঠেছিল, তাঁর লেখা পড়া নিয়ে তৈরি হয়েছিল বিতর্ক। অথচ সময়ের ঘূর্ণিতে সেই লেখিকাই এখন দশম শ্রেণির পরীক্ষার্থীদের বাংলা পরীক্ষার প্রশ্নের অংশ।তসলিমার নিজের উপলব্ধিতেই যেন পুরো ঘটনার সারমর্ম—মানুষকে নির্বাসিত করা যায়, কিন্তু লেখাকে এত সহজে নির্বাসিত করা যায় না।