Skip to content

বারুইপুর গণধর্ষণ ও খুন মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল এনকাউন্টারে নিহত, মৃতদেহ নিতে অস্বীকার পরিবারের

নিহত অভিযুক্ত প্রভাস মণ্ডল।

অভিজিৎ সাহা: বারুইপুরের নাবালিকা গণধর্ষণ ও খুন মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণ (Crime Scene Reconstruction) চলাকালীন পুলিশের ওপর হামলা ও পালানোর চেষ্টার অভিযোগ ওঠে অভিযুক্তের বিরুদ্ধে। পুলিশের পাল্টা গুলিতে আহত প্রভাসকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রের দাবি, মঙ্গলবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে তদন্তকারী আধিকারিক (IO)-এর নেতৃত্বে একটি দল বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর এলাকায় ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণের জন্য যায়। অভিযোগ, পুনর্নির্মাণ শুরুর ঠিক আগে প্রভাস মণ্ডল এক পুলিশকর্মীর কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নিয়ে একটি গুলি চালায় এবং পালানোর চেষ্টা করে। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে তিনি আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে প্রভাস মণ্ডলের মা সংবাদমাধ্যমকে জানান, তিনি মৃতদেহ দেখতে বা গ্রহণ করতে যাবেন না। তাঁর কথায়, ছেলে পরিবারের কারও কথা শুনত না এবং নেশাগ্রস্ত ছিল। তিনি বলেন, "ও যা করেছে, তার ফলই পেয়েছে। নাবালিকার সঙ্গে যা করেছে, তার জন্যই এই পরিণতি হয়েছে।" প্রভাসের মা আরও জানান, পুলিশের পক্ষ থেকে বুধবার ভোরে তাঁদের বাড়িতে গিয়ে মৃত্যুর খবর জানানো হয়। তবে তিনি স্পষ্ট করে দেন, পরিবারের কেউই মৃতদেহ আনতে যাবেন না এবং এ বিষয়ে পুলিশের যা সিদ্ধান্ত, সেটাই তারা মেনে নেবেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশের এনকাউন্টার এবং পুরো ঘটনার আইনি দিক নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

Latest