নিজস্ব সংবাদদাতা : ব্রিগেডে ৯ মে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর ফের পশ্চিমবঙ্গ সফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন সরকারের এক মাস পূর্তির আগেই আগামী ২০ জুন প্রধানমন্ত্রী-সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্য সফরের কথা জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, এদিন নবান্নে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেই প্রসঙ্গ তুলে ধরে দিলীপ ঘোষ বলেন, “আগামী ২০ জুন প্রধানমন্ত্রী এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় আসছেন। আমরা বাংলার মানুষকে একটি নতুন বাংলা গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রতিটি ক্ষেত্রে সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”রাজ্য সরকারের প্রথম এক মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, “সরকার গঠনের পর এখনও এক মাসও পূর্ণ হয়নি। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই যে সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সত্যিই নজিরবিহীন। এত কম সময়ে কোনও সরকার এত দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নিয়েছে বলে আমার মনে হয় না।”প্রধানমন্ত্রীর আসন্ন সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তৎপরতা শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, কেন্দ্র-রাজ্য সমন্বয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর বাংলা সফর ঘিরে জোর প্রস্তুতি, ২০ জুন রাজ্যে আসছেন মোদি!